ভাষাসংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি ‘স্মৃতি জাদুঘর’ করার নামে জবরদখলের অপচেষ্টার অভিযোগে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের ৩৪ বিশিষ্ট নাগরিক। তারা বাড়িটিতে লাগানো সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে বাড়িটির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব দাবি জানান। বিবৃতিতে বলা হয়, জাতীয় দৈনিকে প্রকাশিত খবর থেকে তারা জানতে পেরেছেন, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে একটি বিশেষ মহল ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের চেষ্টা করছে। এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন। এ কারণে তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরূপ আচরণের শিকার হলেও পূর্ব বাংলার ছাত্র-জনতা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি রাখা হয়। সেখানে মাসের পর মাস শারীরিক নির্যাতনের পর তাকে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর কনিষ্ঠ পুত্রকেও হত্যা করে হানাদার বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী ও জননন্দিত রাজনীতিবিদ। উপমহাদেশের ঔপনিবেশিক শাসনবিরোধী স্বাধীনতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও পণ্ডিত জওহরলাল নেহরুর মতো বরেণ্য নেতাদের ঘনিষ্ঠজন ছিলেন তিনি।
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় এবং হক-ভাসানী-সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের বিপুল বিজয়ের পর শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।
বিবৃতিদাতারা বলেন, ধীরেন্দ্রনাথ দত্তসহ লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ স্বাধীনতার এত বছর পরও তাকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়নি এবং তাঁর সম্মানে দেশের কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি। এটি অত্যন্ত লজ্জা ও ক্ষোভের বিষয়।
তারা বলেন, ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে স্মৃতি জাদুঘরের নামে সাইনবোর্ড ঝুলিয়ে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জবরদখলের যে অপপ্রয়াস চলছে, তা নিন্দনীয়। অবিলম্বে বাড়িটিতে জবরদখলকারীদের লাগানো সাইনবোর্ড সরিয়ে পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
একই সঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি যথাযথ জাতীয় মর্যাদা প্রদর্শনের অংশ হিসেবে একটি জাতীয় প্রতিষ্ঠানের নাম তার নামে রাখার এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো একটি সড়কের নাম তাঁর নামে নামকরণের দাবি জানান ৩৪ নাগরিক।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আলোকচিত্রী ড. শহিদুল আলম এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা, ড. তানজীমউদ্দিন খান, ড. শাহনাজ হুদা, ড. জোবাইদা নাসরীন ও রোবায়েত ফেরদৌস; সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব; লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ড. স্বপন আদনান; লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, পাভেল পার্থ এবং নৃবিজ্ঞানী ও গবেষক ড. ঈশিতা দস্তিদার বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
অন্য স্বাক্ষরকারীরা হলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট তবারক হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, গবেষক ও অধিকারকর্মী রোজিনা বেগম, বি এন ডব্লিউ এলএর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, কবি ও আদিবাসী সংস্কৃতিকর্মী মিঠুন রাকসাম এবং মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, ড. হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।