মহানগর বিজনেস মার্কেটে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ

রাজধানীর মহানগর বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড মার্কেটে দোকান মালিক ও ভাড়াটিয়াদের জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার, সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদক সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়াটিয়ারা অভিযোগ করেন, হাজী আব্দুর রহমানের বিরুদ্ধে মার্কেটের বিভিন্ন দোকান থেকে তাদের জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ রয়েছে। এর ফলে দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য হারিয়ে তারা আর্থিক সংকটে পড়েছেন। একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের জীবিকা নিয়ে।

ভুক্তভোগীরা জানান, এসব দোকানের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি পরিবারের জীবিকাও জড়িত ছিল। হঠাৎ উচ্ছেদের ঘটনায় তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়াটিয়ারা বলেন, দীর্ঘদিনের ব্যবসা ও জীবিকার স্বার্থে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন। দ্রুত সমস্যার সমাধান করে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।