রাখাইনে আশ্রয়শিবিরে বোমা হামলা, শিশুসহ নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে সামরিক বাহিনীর বিমান হামলায় পাঁচ বছর বয়সী শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

শনিবার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজধানী সিত্তে থেকে উত্তর-পূর্বে পোনাগিয়ুন এলাকার বিয়ার লা বাস্তুচ্যুত মানুষের শিবিরে এ হামলা চালানো হয়।

টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলা হয়, হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। স্বজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি শুধু দেখেছি, তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এই দৃশ্য বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমরা শুধু কেঁদেছি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমাদের পরিবারটি পুরোপুরি ভেঙে গেছে। আমার পরিবার ছাড়া সেখানে আর কেউ ছিল না। আমরা যুদ্ধবিমানের শব্দও শুনতে পাইনি। বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে।’

পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধের মুখে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেই সংঘাত এখনো অব্যাহত রয়েছে।

গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি রাখাইন রাজ্য। রাজ্যটির অধিকাংশ এলাকা জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক বাহিনীর অবরোধের পাশাপাশি অঞ্চলটিতে নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে।

সর্বশেষ হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফাইউসিন ইয়িন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হতেইটও নিহতের সংখ্যা ১২ বলে নিশ্চিত করেছেন। উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থাটির চেয়ারম্যান জানান, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। শিবিরটির অনেক বাসিন্দা গত চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

তিনি বলেন, ‘মানুষজন শিবিরটিকে নিরাপদ মনে করতেন। তাই সবাই সেখানে একসঙ্গে আশ্রয় নিয়েছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে একই জায়গায়।’

এটি কোনো সংঘাতপূর্ণ এলাকা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কখনো ভাবিনি, এই শিবিরে হামলা হতে পারে।’

স্থানীয় বাসিন্দারা এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে হলুদ ও লাল প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে দাফন করেছেন।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) জানিয়েছে, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সংঘাতের সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।