জলবায়ু মোকাবিলায় চলচ্চিত্র ও খেলাধুলাকে যুক্ত করার আহ্বান

কপ-৩১-এর দ্বিতীয় সপ্তাহে কঠিন বিষয়ে দ্রুত সমঝোতার তাগিদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করতে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন, সংস্কৃতি ও খেলাধুলাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। তিনি বলেছেন, মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন ও ভালোবাসার বিষয়গুলোর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমাধানকে যুক্ত করতে হবে। একইসঙ্গে কপ-৩১ সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে কঠিন বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা এগিয়ে নেওয়া এবং কৌশলগত বিলম্ব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের অর্ধেক সময় অতিক্রম উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইমন স্টিয়েল।

তিনি বলেন, প্রায় ২০০টি দেশ ১৬৫টি ম্যান্ডেট নিয়ে কাজ করছে। প্রতিটি দেশের নিজস্ব মতামত ও বক্তব্য রয়েছে। প্রতিটি শব্দ ও বাক্যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সব পক্ষের সমঝোতা ছাড়া সম্মিলিত সাফল্য সম্ভব নয়।

সাইমন স্টিয়েল বলেন, সবচেয়ে কঠিন বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা এগিয়ে নিতে হবে এবং কৌশলগত বিলম্ব এড়িয়ে চলতে হবে।

জলবায়ু কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক লড়াইয়ে সফল হতে হলে জলবায়ু সম্প্রদায়কে কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করতে হবে। এজন্য মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হতে হবে। উন্নত স্বাস্থ্যসেবা, ভালো কর্মসংস্থান এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানির মতো প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাধানকে যুক্ত করতে হবে। একই সঙ্গে খেলাধুলার মতো মানুষের ভালোবাসার বিষয়গুলোকেও কাজে লাগাতে হবে।

তিনি বলেন, চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও শিল্পকলা মানুষের পরিচয়, অবস্থান এবং বিশ্বাসকে বুঝতে সাহায্য করে। এসব মাধ্যম জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির বাস্তবতা তুলে ধরতে পারে। একই সঙ্গে জলবায়ু মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও মানুষের সামনে তুলে ধরতে পারে। জলবায়ু কার্যক্রমের জন্য কল্পনাশক্তি প্রয়োজন।

খেলাধুলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে সাইমন স্টিয়েল বলেন, এবারের গ্রীষ্মকালীন ফুটবল বিশ্বকাপে ঝড়ের কারণে খেলা বন্ধ হয়েছে। অতিরিক্ত গরম খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করেছে এবং দর্শকদের হাসপাতালে যেতে হয়েছে। এ সপ্তাহের শুরুতে কপ সম্মেলনে বিশ্বমানের ক্রীড়াবিদরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন তাঁদের খেলাধুলার নিরাপত্তা, পারফরম্যান্স ও ভবিষ্যৎকে কীভাবে প্রভাবিত করছে।

সংবাদ সম্মেলনে টেলিমুন্ডোর সাংবাদিক ভেনেসা হাউক বলেন, এবারের ফুটবল বিশ্বকাপে পানি পানের বিরতিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি। টেলিমুন্ডোতে প্রতিটি ম্যাচ গড়ে ৬০ লাখ থেকে এক কোটি দর্শক দেখেছেন। আর আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল দেখেছেন প্রায় ২ কোটি ৪০ লাখ দর্শক।

ভেনেসা বলেন, বিশ্বকাপের সময় অতিরিক্ত গরম ও উচ্চ আর্দ্রতা খেলোয়াড়দের শরীর, স্বাস্থ্য ও পারফরম্যান্সের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে চিকিৎসক ও খেলোয়াড়দের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। অতিরিক্ত গরমে মাঠে অসুস্থ হয়ে পড়ে যাওয়া গুয়াতেমালার একজন রেফারিরও সাক্ষাৎকার নেওয়া হয়।

তিনি জানান, পানি পানের বিরতির সময় টেলিমুন্ডো বিজ্ঞাপন প্রচার না করে খেলোয়াড়দের পানি পান, শরীরে বরফের প্যাক ব্যবহার এবং অতিরিক্ত গরম থেকে বাঁচার চেষ্টা সরাসরি দেখিয়েছে। এ সময় তিনি দর্শকদের তাপমাত্রা, আর্দ্রতা এবং খেলোয়াড়দের শরীর ও পারফরম্যান্সের ওপর এর প্রভাব বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন।

ভেনেসা বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়। এটি ভাষা, সীমান্ত ও প্রজন্মের ব্যবধান অতিক্রম করে মানুষকে একত্রিত করে। অনেক দর্শক হয়তো বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়েন না বা জলবায়ু পরিবর্তন নিয়ে প্রামাণ্যচিত্র দেখেন না। কিন্তু তাঁরা ফুটবল খেলা দেখেন। তাই খেলাধুলার মাধ্যমেই তাঁদের কাছে জলবায়ু পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে দর্শকদের পুরো চিত্র জানাতে জীবাশ্ম জ্বালানি শিল্পের দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরা গুরুত্বপূর্ণ। মানুষের আগ্রহের জায়গায় জলবায়ু পরিবর্তনের গল্প নিয়ে যেতে পারলে তারা বিষয়টি বুঝতে পারবে এবং টেকসই জীবনযাপনে অনুপ্রাণিত হবে।

এদিকে, ভারতের চলচ্চিত্রশিল্পে জলবায়ু বিষয়বস্তু যুক্ত করা এবং পরিবেশবান্ধব চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ তুলে ধরেন পিএলইউসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তামসিল হোসেন।

তিনি বলেন, ভারতে প্রতিবছর ২০টি ভাষায় এক হাজার ৮০০টির বেশি চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রশিল্পকে জলবায়ু কার্যক্রমের সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে অংশীদারত্বে ভারতের প্রথম জলবায়ুবিষয়ক চিত্রনাট্য লেখার ল্যাব চালু করা হয়েছে। এতে ছয় হাজারের বেশি চিত্রনাট্যকার আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৬৫ জনকে নির্বাচিত করা হয়।

তামসিল বলেন, নির্বাচিত চিত্রনাট্যকারদের সরাসরি জলবায়ু পরিবর্তন নিয়ে গল্প লিখতে বলা হয়নি। বরং প্রেম, ভৌতিক ও কল্পবিজ্ঞানভিত্তিক গল্প লিখতে বলা হয়েছে, যাতে দর্শকদের আগ্রহের বিষয়গুলোর মধ্য দিয়ে জলবায়ু বার্তা পৌঁছানো যায়।

তিনি জানান, ভারতের শীর্ষ নয়টি চলচ্চিত্র স্টুডিওকে নিয়ে পরিবেশবান্ধব চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ শুরু হয়েছিল। বর্তমানে এ উদ্যোগে ১৭০টি স্টুডিও যুক্ত হয়েছে। প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়ার নেতৃত্বে এসব স্টুডিও মিলে ভারতের প্রথম ‘গ্রিন প্রোডাকশন হ্যান্ডবুক’ তৈরি করেছে। এতে চলচ্চিত্র নির্মাণের সময় নিঃসরণ কমানোর জন্য ভারতের বিদ্যমান উত্তম চর্চা এবং আন্তর্জাতিক স্টুডিওগুলোর অনুসৃত পদ্ধতি তুলে ধরা হয়েছে।

তামসিল বলেন, ভারতের জ্বালানি রূপান্তর ও সৃজনশীল অর্থনীতিকে একত্র করে এমন একটি চলচ্চিত্র নির্মাণের ধারা গড়ে তোলার আশা করা হচ্ছে, যার মাধ্যমে প্রতিবছর অনেক চলচ্চিত্র তৈরি হবে এবং সেগুলো মানুষকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।