ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ জন স্থায়ীসহ ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ৫ জনকে আজীবনসহ ২৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিফ জামান রাজ, মুয়াজ্জল হোসেন বরকতকে আজীবন এবং মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, মো: আব্দুল ফাত্তাহ আকিব, নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া তানবিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব, আব্দুল হালিমকে সতর্ক করা হয়।

র‍্যাগিংয়ের দায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সানাউল করিম ও সানি নেহালিকে দুই বছরের জন্য এবং শেখ মেহেদী, আরিফ, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রতিম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুত জামান হাসিব, সাব্বির আহম্মেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মোহাম্মদ মেহেদী হাসান, মাহাথির জিসানকে  এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এছাড়া ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে যৌন হয়রানির অভিযোগে মাস্টার্সের ২ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘদিন আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং রাত গভীর পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে অর্থ দাবি ও মারধরের অভিযোগ ওঠে। রাজের অভিযোগ, সিনিয়রদের ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের হয়রানিতে বাধা দেওয়ার পর থেকেই তাকে ব্যাচ ও বিভাগীয়ভাবে বয়কট করা হয়। একপর্যায়ে বয়কট তুলে নেওয়ার শর্তে তার কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্জন স্থানে আটকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। পরে বিভাগীয় পর্যায়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়।