স্বামী অন্য নারীর প্রেমে পড়েছেন। বিচ্ছেদ চান স্ত্রীর কাছ থেকে। কিন্তু স্বামীর সিদ্ধান্তে ভেঙে না পড়ে উল্টো নতুন বিয়ের প্রস্তাব দেন স্ত্রী। তিনি পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে। তার শর্ত, বিচ্ছেদ হলে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ে করার অনুমতি দিতে হবে। এমন গল্প নিয়েই তৈরি কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ডিজনি প্লাসের এই সিরিজ।
৩ নভেম্বর মুক্তির পর মাত্র তিন দিনেই সিরিজটি ডিজনি প্লাস ও হুলুর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ারের রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫০টির বেশি দেশের বাজারে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।
সিরিজটির গল্প নেওয়া হয়েছে কোরীয় লেখক আলফাটার্টের জনপ্রিয় ওয়েব উপন্যাস থেকে। পরে এটি ওয়েবটুন হিসেবেও প্রকাশিত হয়। ডিজনির তথ্য অনুযায়ী, মূল ওয়েবটুনটি এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে। ১০টির বেশি ভাষায় অনূদিত হওয়ায় পর্দায় আসার আগেই গল্পটির আন্তর্জাতিক পাঠকগোষ্ঠী তৈরি হয়েছিল।
নাভিয়ে চরিত্রে অভিনয় করেছেন শিন মিন-আ। সম্রাট সোভিয়েশুর চরিত্রে রয়েছেন জু জি-হুন এবং পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সুক। এ ছাড়া রাস্তা চরিত্রে আছেন লি সে-ইয়ং। অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজকীয় পোশাক, জমকালো প্রাসাদ ও দৃশ্যসজ্জাও দর্শকদের আকৃষ্ট করেছে।
সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন। ইউরোপীয় মধ্যযুগীয় রাজপরিবারের আবহ তৈরি করতে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিভিন্ন ঐতিহাসিক স্থানে দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতারা মূল উপন্যাস ও ওয়েবটুনের আবহ বজায় রেখে গল্পটি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন।
সিরিজটি নিয়ে আন্তর্জাতিক সমালোচকদের প্রতিক্রিয়াও ইতিবাচক। যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম স্ক্রিনর্যান্ট প্রথম তিনটি পর্বকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছে। কলাইডার দিয়েছে ৭। শিন মিন-আয়ের অভিনয়ের প্রশংসা করলেও সিরিজের শুরুর দিকের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
দর্শকদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নাভিয়ে ও হেইনরির সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সিরিজটিকে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এর সঙ্গে তুলনা করছেন। তবে রাজকীয় প্রেমের গল্পের পাশাপাশি আত্মমর্যাদা, ক্ষমতার দ্বন্দ্ব ও প্রতিশোধের আখ্যানই সিরিজটিকে আলাদা করেছে।
সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি পেয়েছে ৩ নভেম্বর। ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে আরও দুটি পর্ব। বাকি পর্বগুলো দুই সপ্তাহে দুই পর্ব করে প্রকাশিত হবে। ২৫ নভেম্বর প্রচারিত হবে শেষ দুটি পর্ব। সূত্র-কোরিয়া টাইমস