ধারাবাহিকে ফিরলেন সানজিদা প্রীতি

ছোট পর্দায় একসময় নিয়মিত অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন সানজিদা প্রীতি। ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে ব্যক্তিগত ব্যস্ততায় দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। প্রায় দুই বছরের বিরতি ভেঙে নতুন ধারাবাহিক নাটক নিয়ে ফিরেছেন তিনি।

তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাবে প্রীতিকে। এনএএফের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি। সপ্তাহে দুটি করে পর্ব প্রকাশ করা হচ্ছে। ধারাবাহিকটির অষ্টম পর্ব থেকে জেরিন খান চরিত্রে যুক্ত হচ্ছেন তিনি। এতে আরও অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, শতাব্দী ওয়াদুদ, আলী রাজ, সুজাতা ও ফারিন খানসহ অনেকে।

নতুন কাজ প্রসঙ্গে প্রীতি জানান, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটিও আগের কাজগুলোর তুলনায় আলাদা। সব মিলিয়ে অভিনয়টি উপভোগ

করছেন তিনি।

নির্মাতা জানান, গল্পে জেরিন খান একটি শক্তিশালী চরিত্র। নিলয় আলমগীরের চরিত্রের বিপরীতে তাকে লড়তে দেখা যাবে। করপোরেট দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিকটি। তবে প্রচারের শুরু থেকেই পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প অনুসরণের অভিযোগ উঠেছে। নির্মাতার দাবি, সামনে গল্পে নিজস্ব বৈচিত্র্য আসবে।