দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে শ্রোতাদের মধ্যে একক অ্যালবাম নিয়ে ফিরলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গত শুক্রবার রাজধানীর ই এম কে সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ পেল শিল্পীর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।
অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন দেশের বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি হামিন আহমেদ এবং শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু। মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে ‘বোকা’ অ্যালবামটি। বিশেষ এই অ্যালবামের প্রতিটি গানের কথা ও সুর সৃষ্টির পাশাপাশি নিজ কণ্ঠে ধারণ করেছেন জয় শাহরিয়ার নিজে।
ডিজিটাল যুগের আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বজুড়ে স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার এবং দেশীয় প্ল্যাটফর্ম স্বাধীনসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানগুলো শুনতে পাওয়া যাচ্ছে। তবে ডিজিটাল মাধ্যমের বাইরেও পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে আনতে চমক হিসেবে প্রকাশ পেয়েছে অ্যালবামের ফিজিক্যাল সিডি, ক্যাসেট ও আকর্ষণীয় বুকলেট।
ফিজিক্যাল অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম প্রকাশ পেল। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের পছন্দ ও অনুভূতির গানগুলোই এতে রেখেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে। আর এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ ফিজিক্যাল অ্যালবাম প্রকাশ বর্তমান প্রজন্মকে নতুনভাবে এর সঙ্গে পরিচিত করবে। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতির সুদিন ফিরে আসবে।’
আজব রেকর্ডসের ব্যানারে বাজারে আসা এই অ্যালবামের এক্সক্লুসিভ টি-শার্ট এনেছে ‘এন স্টোরিজ’ এবং পুরো আয়োজনটি সফলভাবে পরিচালনা করেছে ‘আজব কারখানা’।