তানজিল মিসবাহর ‘কন্যা’

ভালোবাসার মানুষের বিয়ে ও এক প্রেমিকের নিঃশব্দ কান্নার বেদনাবিধুর গল্প নিয়ে প্রকাশিত হয়েছে তরুণ সংগীতশিল্পী তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। এর সংগীতায়োজন করেছেন শোভন রায়।

প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর অসহায়ত্বের এই গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আবেগঘন মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। হাসান রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার। সিনেমাটোগ্রাফার ছিলেন ইয়াসিন বিন আরিয়ান।

শিল্পী তানজিল মিসবাহ জানান, গান তৈরির নেপথ্যে থাকা কল্পনার দৃশ্যপট মিউজিক ভিডিওর মাধ্যমে পূর্ণতা পেয়েছে। গত ১২ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গানটি মুক্তি পেয়েছে।