বাংলা চলচ্চিত্রের অমর অভিনেতা সৌমিত্র

সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য নাম। ৬০ বছরেরও বেশি সময় রুপালি পর্দায় দাপিয়ে বেড়ানো এই কিংবদন্তি ২০২০ সালের আজকের দিনে চলে যান না ফেরার দেশে

সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য নাম। নায়ক হিসেবে যেমন সাবলীল, খলচরিত্রেও ছিলেন সমান প্রাণোচ্ছল। ৬০ বছরেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় দাপিয়ে বেড়ানো এই কিংবদন্তি ২০২০ সালের আজকের দিনে চলে যান না ফেরার দেশে। ছোটবেলায় তক্তপোশের মঞ্চ থেকে শুরু করে সত্যজিতের অপু কিংবা ফেলুদা প্রতিটি চরিত্রেই তিনি ফুটিয়ে তুলেছেন মেধা ও মননশীলতার চূড়ান্ত রূপ।

তার অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় শর্মিলা ঠাকুর, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন থেকে শুরু করে সুচিত্রা সেন ও তনুজাদের সঙ্গে অনবদ্য রসায়ন বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। ‘অপুর সংসার’ দিয়ে শুরু করে ‘দেবী’ বা ‘অরণ্যের দিনরাত্রি’তে শর্মিলা ঠাকুরের সঙ্গে তার মিষ্টি দাম্পত্য কালজয়ী। ‘সমাপ্তি’ ছবিতে ১৬ বছরের অপর্ণার বিপরীতে তার অভিনয় কিংবা ‘চারুলতা’য় মাধবীর সঙ্গে অমল-চারুর রসায়ন দর্শকদের আজও মুগ্ধ করে। এমনকি উত্তমকুমার-বলয়ের বাইরে সুচিত্রা সেনের সঙ্গে ‘সাত পাকে বাঁধা’ বা ‘দত্তা’য় সৌমিত্রের জুটি প্রমাণ করেছিল তার বহুমুখিতা। তনুজার সঙ্গে ‘তিন ভুবনের পারে’ বা স্বাতীলেখা সেনগুপ্তর সঙ্গে ‘বেলাশেষে’র মতো ছবিগুলো বাংলা চলচ্চিত্রের অমর সৃষ্টি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রের ওজন বাড়িয়ে ‘বেলাশেষে’, ‘পোস্ত’ কিংবা ‘বরুণবাবুর বন্ধু’ চলচ্চিত্রে তিনি হয়ে উঠেন এক জীবন্ত চিত্রকর। সৌমিত্র কেবল একটি নাম নয়, তিনি বাঙালির আবেগ, মনন এবং চিরকালীন সংস্কৃতির প্রতিচ্ছবি।