নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দিতে বারবার শর্ত বদল

কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা দিতে দেশের ২২টি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালের জন্য কিছু মেশিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার কারণ মেশিনের সক্ষমতা ও ওয়ারেন্টির মেয়াদ। কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, দরপত্রে মেশিনের যে সক্ষমতা চাওয়া হয়েছে; তা সীমিত প্রযুক্তির। উন্নত প্রযুক্তির মেশিন বাজারে থাকতেও সীমিত প্রযুক্তির মেশিন কেনার উদ্যোগে নানা সন্দেহ ঘনিভ’ত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, দরপত্রে মেশিনপ্রতি যে বরাদ্দ রয়েছে, তাতে আধুনিক প্রযুক্তির মেশিন কেনা সম্ভব। তারপরও কোনো একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এরই মধ্যে ১২ সরবরাহকারী প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। তারা সীমিত প্রযুক্তির মেশিন কেনার দরপত্র বাতিল করে আধুনিক প্রযুক্তির মেশিন কেনার দাবি জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের ‘আপগ্রেডিং দ্যা এক্সিটিং কিডনি ডায়লাইসিস সেন্টার মেডিকেল কলেজ অ্যান্ড আপ টু ফিপটি বেড হসপিটল’ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিকিৎসকদের মতে, সাধারণ ডায়ালাইসিস মেশিনের ক্ষেত্রে হেমোডায়ালাইসিসের (এইচডি) পাশাপাশি হেমোডায়াফিল্ট্রেশন (এইচডিএফ) প্রযুক্তির সুবিধা থাকা গুরুত্বপূর্ণ। এইচডিএফ পদ্ধতিতে রক্ত থেকে ছোট আণবিক বর্জ্যরে পাশাপাশি বিটা-২ মাইক্রোগ্লোবুলিনের মতো মাঝারি আণবিক ওজনের কিছু টক্সিন অপসারণে কার্যকারিতা পাওয়া যায়। নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে এটি চিকিৎসার ফল উন্নত করতে সহায়তা করে। কিন্তু হাসপাতালের জন্য যে মেশিন কেনার প্রক্রিয়া চলছে, তাতে এসব সুবিধা পাওয়া যাবে না। ফলে প্রয়োজনের সময় রোগীকে উন্নত পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে উন্নত প্রযুক্তির বিভিন্ন মডেলের মেশিন রয়েছে। এর মধ্যে জার্মানির ফ্রেজিনিয়াস ৫০০৮এস, বি ব্রাউনের ডায়ালগ+, জাপানের নিপ্রো এনসিইউ-১৮, নিক্কিসোর ডিবিবি-ইএক্স ও ডিবিবি-০৭, সুইডেনের গ্যামব্রোর আর্টস ফিজিও প্লাস এবং জাপানের টোরাই টিআর-৮০০০ ও টিআর-৩৩০০এস উল্লেখযোগ্য। মডেল ও কনফিগারেশন ভেদে এগুলোর কিছুতে এইচডিএফ বা অনলাইন এইচডিএফ সুবিধা রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, প্রকল্পের বরাদ্দ টাকায় এ ধরনের উন্নত মেশিন কেনা সম্ভব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দফায় ২০২৪ সালের ১৭ অক্টোবর দরপত্র জমা ও খোলার তারিখ নির্ধারণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দরপত্র বাতিল হয়। তবে কেন বাতিল করা হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রথম দরপত্রে অংশ নিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৭০ কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হয়। দ্বিতীয় দফায় দরপত্র আহ্বানের সময় তা কমিয়ে দেড় কোটি টাকা করা হয়। কিন্তু দ্বিতীয় দরপত্রটি বাতিল হয়। সর্বশেষ দরপত্রে আবারও শর্ত বদলানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ১৬০ কোটি টাকা। পাশাপাশি অন্তত ১ হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহ ও স্থাপনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর মনিটরের আকার যেখানে নির্ধারণ ছিল ১৫ ইঞ্চি সেখানে কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে। দরপত্র জমার শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

টেন্ডারের অভিজ্ঞতার শর্তে এত বড় পরিবর্তনের কারণ কী, মনিটরের আকার পরিবর্তনের প্রয়োজন পড়ল কেন এসবের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মেশিন কেনার দুরভিসন্ধি থেকেই শর্তগুলো এমনভাবে পরিবর্তন করা হচ্ছে। তাদের উদ্দেশ্য, যাতে প্রতিযোগিতা কমে যায় এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের পুরনো মজুত মেশিন সরবরাহের সুযোগ তৈরি হয়।

দরপত্রে শুধু প্রযুক্তি ও অভিজ্ঞতার শর্তই বদলায়নি। কমানো হয়েছে ওয়ারেন্টির মেয়াদও। আগের দরপত্রে ৫ বছরের ওয়ারেন্টি থাকলেও সর্বশেষ দরপত্রে তা ৩ বছর করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মেশিন কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি জরুরি। মেয়াদ কম হলে পরবর্তী সময়ে মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন ও কারিগরি সহায়তায় সরকারকে বাড়তি অর্থ দিতে হবে। মেশিন সচল রাখার জন্য ডিসইনফেকশন কেমিক্যাল, কনজ্যুমেবলস ও স্পেয়ার পার্টসের সরবরাহও নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের বিশেষ রাসায়নিকের ওপর নির্ভরতা বেশি হলে ভবিষ্যতে সরবরাহ সংকট তৈরি হতে পারে। দেশে দক্ষ সার্ভিস ইঞ্জিনিয়ার ও যন্ত্রাংশ না থাকলেও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শুধু মেশিনের কেনার দাম বিবেচনা না করে, ৫ থেকে ১০ বছরের মোট পরিচালন ব্যয় হিসাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রক্ষণাবেক্ষণ, রাসায়নিক, যন্ত্রাংশ ও ওয়ারেন্টি-পরবর্তী সেবার খরচ থাকতে হবে।

এ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ রাশেদ রাব্বি বলেন, ডায়ালাইসিস মেশিন কেনার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সুবিধা নয়, রোগীর চিকিৎসার প্রয়োজনই হওয়া উচিত প্রধান বিবেচনা। মেশিনের প্রযুক্তি, দীর্ঘমেয়াদি ব্যয়, যন্ত্রাংশের প্রাপ্যতা ও বিক্রয়োত্তর সেবা যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ, সরকারি অর্থে মেশিন কেনার পরও যদি রোগীরা প্রয়োজনীয় উন্নত চিকিৎসা না পান, তাহলে এই প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এহসানুল করিম জানিয়েছেন, টেন্ডারের শর্তগুলো মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছে। এইচডি মেশিন কেনার কথা বলা হলেও এইচডিএফ সরবরাহ করা যাবে না এমনটি বলা হয়নি। যাদের ইচ্ছা তারা টেন্ডারে অংশ নিতে পারবেন। এরই মধ্যে ১২ জন সরবরাহকারী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন, সেগুলো বিবেচনা করা হবে।