কার্বন বাজারে সহযোগিতায় বাংলাদেশ-সিঙ্গাপুর এমওইউ

প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল শনিবার সকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) সিঙ্গাপুর প্যাভিলিয়নে বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারক আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, কার্বন অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এই গুরুত্বপূর্ণ অংশীদারত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এ সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন, জলবায়ু বিষয়ে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন এবং কার্যকর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এই সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ হ্রাসমূলক প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর অধীনে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম আরও গতিশীল করার পথ সুগম হবে। এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজারের বিকাশ, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ সহযোগিতা দেশের টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে ঋণ, কার্যকর প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের ওমান প্যাভিলিয়নে ‘অ্যাক্সিলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন: ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়িত না হলে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে প্রশমন ও অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার (এনএপি) আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়ে তিনি জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা, পরিবর্তিত আবহাওয়ার ধরন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততার তীব্রতা এবং নদীভাঙনের মতো সমস্যাগুলো তুলে ধরেন। এসব সমস্যার কারণে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানিসম্পদ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরমুখী অভিবাসনের বিষয়টিও তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন।

অনুষ্ঠানে সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবুজ জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় কেবল জাতীয় উদ্যোগ যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়নের ন্যায্য প্রাপ্যতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি বলে আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

উচ্চপর্যায়ের এ আলোচনা অনুষ্ঠানে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, ওমানের জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদ এবং অন্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অ্যাম্বিশন অন মেল্টিং আইস উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ : হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইসে’ (এএমআই) ২৬তম দেশ হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। শুক্রবার কপ৩১ সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের পক্ষে এ উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় এএমআই সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।

তিনি বলেন, হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উপকূলবর্তী ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের কারণ।