বিশ্বের শীর্ষ ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম নেতার তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। সে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। অন্তর্বর্তীকালে সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকাশনাটিতে তারেক রহমানকে একজন বিশিষ্ট বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে তার রাজনৈতিক জীবন, লন্ডনে ১৭ বছরের নির্বাসন এবং বিএনপির নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তারেক রহমান ছাড়াও দুজন বাংলাদেশি নারী মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা ‘সামাজিক ইস্যু’ বিভাগে এ তালিকায় স্থান পেয়েছেন। ড. হামিদা হোসেন ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যদিকে রাজিয়া সুলতানা রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২৫ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম স্থানে ছিলেন। তবে সর্বশেষ এ সংস্করণে তার নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়মানুযায়ী, কেবল শীর্ষ ৫০ ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‌্যাংকিং করা হয়। বাকি ৪৫০ জনকে র‌্যাংকিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‌্যাংকিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।