ডুবন্ত রাষ্ট্র বাঁচাতে দৌড়ঝাঁপ

পৃথিবীকে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষার অঙ্গীকার নিয়ে তুরস্কের আনতালিয়ায় বসেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন। সম্মেলনটি প্রায় শেষের দিকে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে অস্তিত্ব সংকটে পড়া স্বল্পোন্নত, উপকূলীয় ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো রক্ষায় চলছে কূটনৈতিক তৎপরতা। এ নিয়ে বিশ্বনেতারা দৌড়ঝাঁপ করছেন। বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, পরিবেশবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে শেষ মুহূর্তে চলছে আলোচনা, দর-কষাকষি।

সম্মেলনের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর একটি প্রশ্ন ক্রমেই জোরালো উঠছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাস্তবে কতটা এগোতে পারছে বিশ্ব? যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী, তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তা চাচ্ছে। আবার উন্নয়নশীল দেশগুলো বলছে, জলবায়ু মোকাবিলার দায়িত্ব শুধু তাদের একার নয়। অথচ অর্থায়ন, জ্বালানি নীতি ও কার্বন নিঃসরণ কমানোর প্রশ্নে এখনো দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

কপ৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জলবায়ু সংকট নিয়ে উদ্বেগ বাড়লেও সেটি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও কার্যকর পদক্ষেপের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। আলোচনায় জলবায়ু অর্থায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। উন্নয়নশীল দেশগুলো অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর দাবি জানাচ্ছে। বিশেষ করে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন হলেও তা পাচ্ছে না। এসব দেশ অর্থের প্রবাহ কমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে। তথ্য অনুযায়ী, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির নবম পুনর্ভরণে সহায়তা ২৭ শতাংশ কমেছে।

জীবাশ্ম জ্বালানি নিয়ে দ্বিমুখী অবস্থান : ইউরোপের কয়েকটি দেশ বিদ্যুতায়ন ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানিনির্ভর দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তার বিষয়টি সামনে রাখছে। এমনকি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনে অবিলম্বে এবং ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব : জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের জন্য কতটা গভীর হতে পারে, তারই বাস্তব চিত্র উঠে আসছে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও মূল্যায়নে। তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, কৃষির ক্ষতি এবং জলবায়ুজনিত অভ্যন্তরীণ অভিবাসন দেশের জন্য বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। 

দ্বীপ দেশগুলোর জন্য অর্থায়নের উদ্যোগ : প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো টুভালু, কিরিবাতি, মালদ্বীপ, মার্শাল আইল্যান্ডস এবং ফিজি আজ আক্ষরিক অর্থেই সমুদ্রগর্ভে বিলীন হওয়ার দ্বারপ্রান্তে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা না গেলে চলতি শতাব্দীর শেষ নাগাদ এসব দেশের অধিকাংশ ভূখ- তলিয়ে যাবে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। এই সংকট মোকাবিলায় দ্বীপ দেশগুলোর জোট বিশ্বনেতাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। তাদের দাবি ও কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে দ্বীপ দেশগুলোকে বাঁচাতে বিশ^ নেতারা বেশ কিছু নতুন ও বিকল্প অর্থায়নের উদ্যোগ নিয়েছেন। এসব দেশের জন্য জলবায়ু সহনশীলতা কর্মসূচির মাধ্যমে এক বিলিয়ন ডলারের বেশি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তার পরিকল্পনাও রয়েছে। এ দেশগুলোকে রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।

অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা : জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্যও রয়েছে। অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থের প্রয়োজনীয়তা স্বীকার করা হলেও সেই অর্থের নিশ্চয়তা এখনো বড় প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর অনুদান পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।

কার্বন নিঃসরণে দায়ীদের চিহ্নিতকরণ : জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ীদের জবাবদিহির দাবি বিশ্বজুড়ে জোরালো হচ্ছে। কপ৩১ সম্মেলন সামনে এসেছে কার্বন নিঃসরণ, ঐতিহাসিক দায় এবং জলবায়ু ক্ষতিপূরণের বিষয়টি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া দেশগুলোর ঐতিহাসিক দায় নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে তাদের যে ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় উন্নত দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

শেষ পর্যন্ত লাভবান হচ্ছে কারা : জলবায়ু সম্মেলন থেকে এখন পর্যন্ত অগ্রগতি হচ্ছে আলোচনা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখা। দ্বীপদেশগুলোর জন্য নতুন অর্থায়নের উদ্যোগও আশার জায়গা তৈরি করেছে। তবে যাদের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা ঝুঁকিতে আছে; তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হলো, সেটিই বড় প্রশ্ন।

বাংলাদেশের ক্ষতির পরিমাণ : সম্মেলনে একদিকে জলবায়ু তহবিল কমে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতির হিসাব নতুন বাস্তবতা তুলে ধরেছে। সাম্প্রতিক বৈশ্বিক মূল্যায়নে উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থছাড়ে দীর্ঘসূত্রতা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জলবায়ু তহবিল সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুদ্ধের অজুহাতে তহবিল কাটছাঁট : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার অজুহাতে পশ্চিমা দাতা দেশগুলোর অনেকেই বৈদেশিক সহায়তা ও জলবায়ু তহবিলের বাজেট কাটছাঁট করার ইঙ্গিত দিচ্ছে। জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে উন্নত দেশগুলো অনুদানের পরিবর্তে ঋণের ওপর বেশি জোর দিচ্ছে। ফলে ঋণের ভারে জর্জরিত দেশগুলো জলবায়ু মোকাবিলা করতে গিয়ে নতুন করে ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তহবিল কমে যাওয়ার শঙ্কা : জলবায়ু পরিবর্তনের জন্য তহবিল কমে যাওয়ার শঙ্কা ক্ষতিগ্রস্ত দেশগুলোর দীর্ঘমেয়াদি সুরক্ষা পরিকল্পনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর লাখ লাখ মানুষ ভিটেমাটি হারিয়ে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে পাড়ি জমাচ্ছে, যা নগর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে। জলবায়ু তহবিলের অর্থ ঋণ হিসেবে আসছে, নাকি অনুদান হিসেবে; অর্থ ছাড়ে কত সময় লাগছে; প্রকল্প বাস্তবায়নে কতটা স্বচ্ছতা রয়েছে এসব প্রশ্ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অর্থ মিললেও সংকট থেকে যাবে : বিশেষজ্ঞদের মতে, কেবল অর্থের জোগান নিশ্চিত করলেই এই সংকটের সমাধান হবে না। যতক্ষণ পর্যন্ত শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর না ঘটাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ বা দ্বীপ দেশগুলোর বিপদ কাটবে না। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর ডুবে যাওয়ার শঙ্কা এটাই মনে করিয়ে দেয় যে, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের এখনই কঠোর ও কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ইতিহাসের পাতায় একটি প্রজন্মের ব্যর্থতা হিসেবে মানবসভ্যতার এই অপূরণীয় ক্ষতি চিহ্নিত হয়ে থাকবে।