নোয়াখালীতে শিশুদের খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল শনিবার সকালে চাটখিল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে নিহতের নাতি ইয়াসিন ও হাবীব বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় ফয়সাল নামের এক যুবকের মা রওশন আরার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বলটি আটকে রাখেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। পরে শিশু হাবীব বল আনতে গেলে রওশন আরা তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে হাবীব বল না পেয়ে তাদের একটি পানির বালতি নিয়ে চলে আসে। বিষয়টি জানতে পেরে হাবীবের মা ছেলেকে বকাঝকা করেন এবং বালতি ফেরত দিয়ে বল আনতে রওশন আরার কাছে যান। সেখানে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে বিষয়টি তার স্বামীকে জানান। খবর পেয়ে ফয়সাল ৭-৮ জন সহযোগী নিয়ে হাবীবদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের বাঁচাতে বৃদ্ধ মীর হোসেন এগিয়ে এলে ফয়সাল লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।