শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায়ই বাংলাদেশে আসবেন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়।’ তিনি আরও বলেন, মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে চাইলে বিলম্ব মার্জনার সুযোগ আইনে নেই। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধে গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে, এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। ইতিমধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান। শেখ হাসিনার পক্ষে একটি ব্রিটিশ ল’ ফার্ম কিছুদিন আগে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে সম্প্রতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।’

শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। তারাই সেই আইন করে গেছেন।’

তিনি বলেন, ‘আমাদের সংবিধানেও ১৯৭৩ সালে তার বাবা (শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনেছিলেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছেÑ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘বিগত ১৬-১৭ বছরে যত গুম, বিচারবহির্ভূত হত্যাকা- এবং রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে, সে সবের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার অভিন্ন উদ্দেশ্য ছিল। এসব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ও প্রসিকিউশন দল যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্ত শুরু করবে। তারা (প্রসিকিউশন ও তদন্ত দল) জনবল বা অন্য কোনো সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে যেভাবে এগিয়ে যাবে, আমরা সেখানে হস্তক্ষেপ করব না। তারা যখন প্রয়োজন মনে করবে, পদক্ষেপ নেবে।’

হয়রানিমুক্ত রেজিস্ট্রি কার্যালয় চান আইনমন্ত্রী :

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার প্রস্তাব এলেও তা আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। গতকাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান তিনি। রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের উদ্দেশ্যে আইনমন্ত্রী এ সময় বলেন, ‘আমরা চাই আপনাদের সেবায় জনগণ আস্থা রাখুক। হয়রানি থেকে মুক্ত হোক। হয়রানিমুক্ত একটি বিভাগ আমরা চাই।’