নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব

নগর উন্নয়নের পরিকল্পনা হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে, সেখানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে না স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। নগরের অবকাঠামো উন্নয়ন, জনসংখ্যার চাপ ও নাগরিক সেবার পরিকল্পনায় সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে উপেক্ষা করা হচ্ছে। ফলে নগর পরিচালনায় তাদের ক্ষমতা ও কার্যকারিতা কমছে। সিটি করপোরেশনকে অনেকটা ময়লা-পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা। তাদের মতে, এভাবে চলতে থাকলে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিকসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। বক্তব্য দেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হেলিমুল আলম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাবেক সহসভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহসভাপতি ফয়সাল খান।

সংলাপ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সাংবাদিককে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয় এবং ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনলাইন ও প্রিন্ট বিভাগে নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান, নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম এবং নগর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেইলি সানের রাশেদুল হাসান পুরস্কার পান। টেলিভিশন বিভাগে চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব পুরস্কার পেয়েছেন।

অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও নগর ব্যবস্থাপনায় কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র‌্যাংকিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।

স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা ফেরাতে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০-১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মাস্টারপ্ল্যান প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা থাকতে হবে। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাতসহ অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।