৪৩৩ বছরের ঐতিহ্যবাহী বরুনা বড় জামে মসজিদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের হাইল হাওর বিধৌত ঐতিহ্যময় বরুনা গ্রামে অবস্থিত প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন ‘বরুনা বড় জামে মসজিদ’। অসাধারণ কারুকার্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মসজিদটির মূল ফটকের একটি ছোট বোর্ডে নির্মাণকাল হিসেবে ১০০০ বঙ্গাব্দ বা ১৫৯৩ খ্রিস্টাব্দ উল্লেখ রয়েছে। সে হিসেবে মসজিদটির বয়স এখন ৪৩৩ বছর। স্থানীয়দের ধারণা, এটি নির্মিত হওয়ার সময় এ অঞ্চলে আর কোনো মসজিদ ছিল না। স্থাপনাটি সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদের প্রায় সমসাময়িক।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০ শতাংশ জমির ওপর নির্মিত এ ঐতিহাসিক মসজিদটিতে তিনটি দৃষ্টিনন্দন ও কারুকার্যময় গম্বুজ রয়েছে। মূল ভবনের চার কোনায় চারটি এবং বারান্দায় দশটি বিশালাকার পিলার আছে। মসজিদটির দৈর্ঘ্য ৮০ ফুট ও বারান্দাসহ প্রস্থ ৭০ ফুট, আর মূল ভবনের দেয়ালগুলো প্রায় ৪ ফুট পুরু। চুন-সুরকির গাঁথুনিতে তৈরি মসজিদটির মেহরাব দেয়ালের ভেতরের দিকে অবস্থিত। ভেতরে প্রবেশের জন্য তিনটি দরজা এবং মূল ভবনের উত্তর ও দক্ষিণ পাশে দুটি জানালা রয়েছে। এখানে একসঙ্গে প্রায় সাত শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির পশ্চিম পাশে শানবাঁধানো ঘাটসহ একটি পুকুর এবং পূর্ব পাশে একটি ঈদগাহ রয়েছে, যেখানে প্রায় আড়াই হাজার মানুষ একত্রে নামাজ আদায় করতে পারেন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, প্রায় দেড় দশক আগে ঐতিহাসিক এ মসজিদের সামনের প্রাচীর ও পুরনো আমলের মিনার ভেঙে পড়ে। ২০১৬ সালে মসজিদের প্রবেশপথে ৫০ ফুট উচ্চতার মনোমুগ্ধকর একটি মিনার নির্মাণ করা হয়। বর্তমানে শ্রীমঙ্গলে আগত পর্যটকদের কাছে এ মসজিদটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রায় প্রতিদিনিই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন মসজিদটি দেখতে। এলাকার বাসিন্দা জমির মিয়া বলেন, ‘আমাদের এ ঐতিহাসিক মসজিদটি অনেক পুরনো। প্রায় প্রতিদিনই দেশ-বিদেশের অনেক অনেক পর্যটক প্রত্যন্ত গ্রামে আসেন এ মসজিদটি দেখতে। এ মসজিদের সংস্কার প্রয়োজন।’ একই এলাকার বাসিন্দা মোস্তাকিম আল মুনতাজ বলেন, ‘আমাদের গ্রামের এই মসজিদটির বয়স ৪৩৩ বছর। এটি কে নির্মাণ করেছেন তা কেউ জানেন না। তবে এ মসজিদটি সিলেট অঞ্চলের একটি প্রাচীন মসজিদ বলে এলাকাবাসীর ধারণা। মসজিদটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। অনেক মানুষ এটি দেখতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদের পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।’