ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারে, সে জন্য ভর্তি আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়েছে, শেষ হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন ভর্তির আবেদন করতে পারে, সে জন্য সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হবে। পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষার দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলপ্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে। তবে এই পরীক্ষার ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আটকে রাখা যাবে না।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৫ মার্চ শুরু হবে। এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষার সময়সূচিও পরিবর্তনের চিন্তা করছে সরকার।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম।