অনুরাগ ফার্মেসিতে চাঁদা দাবি, না পেয়ে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে অবস্থিত অনুরাগ ফার্মেসিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ফার্মেসিটির মালিক ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।

অনুরাগ ফার্মেসি এবং রেস্টুরেন্টের মালিক নুর ইসলাম জানান, গত ৬ নভেম্বর আমার কাছে শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পুর’ পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তারা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পর পর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। শুক্রবার রাত ১১টার দিকে দোকানে এসে পর পর তিন রাউন্ড গুলি করে। এতে ফার্মেসির সামনের গ্লাস ভেঙে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ওই ফার্মেসিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়। ঘটনার সময় আশপাশে অনেক লোকজন উপস্থিত থাকলেও ভয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি এবং দুর্বৃত্তরা নির্বিঘেœ পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার এসআই মো. শরিফ জানান,  ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গুলিবর্ষণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।