২০২৭ সালের হজ প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার

সৌদি সরকারের নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে ২০২৭ সালের হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রশংসা করেছে সৌদি সরকার।

প্রথমবারের মতো ধর্মমন্ত্রীর সরাসরি তদারকিতে সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সব কার্যক্রম শেষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০ জুনের মধ্যে মক্কা ও মদিনায় আবাসন ব্যবস্থাপনা এবং নুসুক মাসায়ের সিস্টেমে প্রয়োজনীয় তথ্য দাখিল। ১৫ জুলাইয়ের মধ্যে নুসুক প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সৌদি আরবে সরাসরি অর্থ স্থানান্তর, আকাশপথে হজযাত্রী পরিবহনে এয়ারলাইনস ও পোর্ট কোটা বণ্টন এবং ২৬ জুলাইয়ের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করা হয়।

এ ছাড়া ২৯ জুলাইয়ের মধ্যে মদিনা ও আরাফাতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের জন্য তাঁবু সংরক্ষণ করা হয়। নুসুক মাসায়েরের মাধ্যমে তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা-মদিনার হোটেল, ক্যাটারিং ও পরিবহনসেবার চুক্তিও সম্পন্ন হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে চুক্তি করে নুসুক মাসায়েরের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (গাকা) কাছে জমা দেওয়া হয়েছে। ১৪ আগস্টের মধ্যে মেডিকেল সার্ভিস প্রোভাইডার ও মিডিয়া সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়।

সৌদি সরকারের হজ মৌসুমের প্রস্তুতিমূলক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতেও অংশ নিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল। ধর্ম মন্ত্রণালয় ও মেডিকেল টিমের সমন্বয়ে গঠিত ১১ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি হজযাত্রীদের তথ্য নুসুক মাসায়ের সিস্টেমে আপলোড এবং ৯ নভেম্বর হজ চুক্তিসহ ২০২৭ সালের হজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ।

এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হজযাত্রীদের ব্যয় বাবদ বাংলাদেশের মুদ্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা নির্ধারিত সময়ে সৌদি আরবে স্থানান্তর করা। সরকারি ও বেসরকারি হজযাত্রীদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আদায় করা বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একসঙ্গে স্থানান্তর করা অতীতে সম্ভব হয়নি। তবে এবারই প্রথম সৌদি সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ।

এ অর্জনের ফলে দক্ষিণ এশিয়ার অনেক দেশকে পেছনে ফেলে হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এ জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান বিন রাবিয়ার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার হজ কোটা আদায়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণে ব্যর্থ হলে সেই কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

বিমানবন্দরে ধর্মমন্ত্রীকে বিদায় জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (হজ) মো. কামরুল ইসলাম, কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার রাশেদ আমির খান, এয়ারপোর্ট স্টেশন ম্যানেজার মো. সালাউদ্দিন টিপু, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতারা।