প্রথম ৪ মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে সৌদি আরব থেকে। শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরব থেকে দেশে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগের মাস সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।