রমজানে খেজুরের দাম নিয়ন্ত্রণে ভ্যাট কমানোর উদ্যোগ

আসন্ন পবিত্র রমজানে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

বর্তমানে খেজুর আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। রমজানে বাড়তি চাহিদার কথা বিবেচনা করে আমদানি ব্যয় কমাতে এনবিআর এই হার কমানোর প্রস্তাব করেছে।

এনবিআরের তথ্যমতে, দেশে বছরে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে কেবল রমজান মাসেই প্রয়োজন হয় ৬০ থেকে ৭০ হাজার টন খেজুর।

গত বছরও রমজানের আগে খেজুরের আমদানি শুল্ক ও কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে আমদানি ব্যয় কমার পাশাপাশি বাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তা হয়েছিল বলে মনে করেন ব্যবসায়ীরা।

এদিকে, ভ্যাট ব্যবস্থাপনা আধুনিকায়ন ও রাজস্ব আহরণ বাড়াতে ২০১২ সালের ভ্যাট আইনের ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এখন থেকে প্রতি মাসের ভ্যাট রিটার্ন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। বর্তমানে প্রতি তিন মাসের করমেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে প্রতি মাসেই রিটার্ন জমা দিতে হবে। তবে মাসের ১৫ তারিখ সরকারি ছুটি হলে পরবর্তী কর্মদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীরা করমেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।