নিবন্ধন বিভাগের প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ)। নতুন নিয়োগবিধি প্রণয়ন, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প গ্রহণ এবং নিবন্ধন আইন সংশোধনসহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় নিবন্ধন বিভাগের উন্নয়ন ও কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিআরএসএ’র বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ। এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ ছয় দফা দাবি উপস্থাপনের পাশাপাশি বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদকালে সংগঠনটির বিভিন্ন অর্জন ও কার্যক্রম তুলে ধরেন।
আইনমন্ত্রীর কাছে উত্থাপিত ছয় দফা দাবি
১. দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রারের পদ সৃষ্টি। ২. বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারের স্থায়ী পদায়ন। ৩. জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করা। ৪. নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ। ৫. প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা এবং একজন নিবেদিত কম্পিউটার অপারেটর নিয়োগ। ৬. দলিল লেখকদের দলিলপ্রতি পারিশ্রমিক পাঁচ হাজার টাকা নির্ধারণ, প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা বেতনে কর্মরত উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করা।
সংগঠনটির উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রম
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০২৫ ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন বিভাগের পেশাগত কাঠামো শক্তিশালী করতে বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৫৫১টি পদ ক্যাডারভুক্তকরণ এবং কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্তির প্রস্তাব সামনে আনা হয়েছে।
নিবন্ধন সেবাকে ডিজিটাল ও জনবান্ধব করতে গত ১০ নভেম্বর ২০২৫ ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ অনুমোদিত হয়, যার বাস্তবায়ন কার্যক্রম বর্তমানে চলমান। প্রকল্পটি সম্পন্ন হলে দলিল উপস্থাপন, গ্রহণ ও নিবন্ধন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়বে; যা সেবাপ্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনবে। এ ছাড়া সংগঠনটির প্রস্তাব ও উদ্যোগের পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল ২০২৬ ‘নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশিত হয়েছে এবং ‘সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২’ সংশোধনের কাজও এগিয়ে চলছে।
অন্যদিকে, জনবল ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে প্রধান কার্যালয়ে ডিআইজিআর ও এআইজিআর পদ সৃষ্টি এবং ৬১টি জেলা ও ২০টি মহানগর কার্যালয়ে মোট ৮১টি সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। যানবাহন সংকট নিরসনে প্রধান কার্যালয়ের জন্য পাঁচটি এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের জন্য ৬১টিসহ মোট ৬৬টি গাড়ি অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি নিবন্ধন অধিদপ্তরের স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা ভাড়া নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এরই মধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন এবং চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, ছয় দফা দাবিসহ পদ সৃষ্টি ও ক্যাডারভুক্তকরণের প্রস্তাবগুলো দ্রুত সরকারি অনুমোদন ও বাস্তবায়ন পেলে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক নিবন্ধন সেবা নিশ্চিত হবে।