আতঙ্কে দিন কাটছে শ্রুতির

নিজ বাড়িতে রহস্যময় ঘটনা এক ঘটে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে দক্ষিণী তারকা শ্রুতি হাসানের। জানা গেছে, অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়িতে রাখা একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নাকি নিজে থেকেই জায়গা বদলাত! এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। শেষ পর্যন্ত আতঙ্কে ম্যানিকুইনটি খুলে ফেলতে বাধ্য হন তিনি। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য, কোনো কোনো জায়গার অস্বাভাবিক শক্তি বা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতেন তিনি।

সেই বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন শ্রুতি। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন। কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। শ্রুতির দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি তার কাছে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। তার কথায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে লবণ নিয়েও কিছু আচার পালন করেন তিনি। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। শ্রুতির দাবি, এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।