আটবার অস্কারের মনোনয়ন পেয়েও বার বার খালি হাতে ফিরে যাওয়া হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী গ্লেন ক্লোজের মুখে অবশেষে স্বস্তির হাসি। এবার চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পেতে যাচ্ছেন হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী গ্লেন ক্লোজ।
অধরা অস্কার স্পর্শ করার খবরে আপ্লুত ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী। প্রথমবার সম্মানসূচক অস্কার পাওয়ার খবরটি শুনে গ্লেনের মনে হয়েছিল, আটবার অস্কারে মনোনয়ন পেয়েও জয়ী হতে না পারার পর এটি যেন এক ধরনের সান্ত্বনা পুরস্কার। এমনকি এই পুরস্কার গ্রহণ করলে অস্কার না জেতার দীর্ঘ রেকর্ডে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও ভেবেছিলেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, কোনো সান্ত্বনা পুরস্কারের আমার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রতিক্রিয়া ছিল, জানি না...আমি কি আমার না জেতার রেকর্ডটা শেষ করতে চাই?’
তবে সময়ের সঙ্গে এই স্বীকৃতির গুরুত্ব উপলব্ধি করছেন গ্লেন। তার কথায়, ‘এখনো বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তবে জীবনের এই পর্যায়ে এসে এর অর্থ আমার কাছে অনেক।
৫০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছি। ৪৩ বছর আগে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলাম। এটা তো একটা পুরো জীবন! অনুভূতিটা সত্যিই অভিভূত করার মতো।’