বরগুনার আমতলীতে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাবরক্ষণ শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দপ্তরটি। শনিবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
এলজিইডি সূত্রে জানা গেছে, এলজিইডি দপ্তরের হিসাব শাখা রুমের পিছনের জানালার লক ভেঙে জানালা খুলে ভেতরে থাকা চেয়ার টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। চেয়ারে থাকা তোয়ালের কিছু অংশ পুড়ে আগুন নিভে যায়। আগুন নিভে যাওয়ায় অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারেনি।
রবিবার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার রুম খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি জানান।
রাতে নাইটগার্ড ফজলুর রহমান তখন পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।