স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট খারিজ

হাইকোর্ট দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার(১৫ নভেম্বর) এ আদেশ দেন। 

এর ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে এবং দ্বিতীয় থেকে বাকি শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তিতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল ও কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত নট প্রেস রিজেক্টেড করেছেন। এর আগে ৭ অক্টোবর ২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়। রিট আবেদনের পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। ওই দিনই মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে এই পদ্ধতিই বহাল ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে লটারি পদ্ধতি বাতিল করে। এরপর আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা মঙ্গলবার (১৩ অক্টোবর) জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আর দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।