সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একাধিক অশ্লীল ভুয়া ছবি। অভিনেত্রীর অভিযোগ, প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে অনলাইনে। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। সেই অভিযোগের সূত্র ধরেই দিল্লি থেকে এক যুবককে গ্রেপ্তারের করে মুম্বাই পুলিশ। কিন্তু তদন্তের পরবর্তী পর্যায়ে ঘটনার মোড় ঘুরে যায়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের আবেদন খারিজ করে তাকে মুক্তির নির্দেশ দেয় মুম্বাইয়ের বান্দ্রা আদালত! শনিবার (১৪ নভেম্বর) দিল্লির শাহদরার জগতপুরি থানা এলাকার কাছ থেকে অভিযুক্ত আরিয়ান দীপক জৈনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। বান্দ্রা আদালতে পেশ করে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানায় তদন্তকারী দল। পুলিশের যুক্তি ছিল, সোনাক্ষীর নামে ছড়িয়ে পড়া ভুয়ো তথা অশ্লীল ছবিগুলি তৈরির কাজে কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছিল, তা খুঁজে বের করা প্রয়োজন। সেই ডিভাইস উদ্ধার এবং ঘটনার নেপথ্যে থাকা তথ্য সংগ্রহের জন্যই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ।
কিন্তু পুলিশের সেই আবেদনে সায় দেয়নি আদালত। বরং গ্রেপ্তারির সময় এবং দিল্লি থেকে মুম্বইয়ে অভিযুক্তকে নিয়ে আসার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে পর্যবেক্ষণ আদালতের। সেই কারণেই আরিয়ান দীপক জৈনকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। শুনানির সময় অভিযুক্তের আইনজীবীরা পুলিশের হেফাজতের আবেদনের বিরোধিতা করেন। তাদের দাবি, গ্রেপ্তারের আগে প্রয়োজনীয় আইনি নোটিস দেওয়া হয়নি। এমনকী, কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, সে বিষয়েও স্পষ্টভাবে জানানো হয়নি। আইনজীবীদের আরও বক্তব্য, দিল্লি থেকে মুম্বইয়ে নিয়ে আসার আগে অভিযুক্তকে সেখানকার কাছাকাছি ম্যাজিস্ট্রেটের সামনেও পেশ করা হয়নি।
অভিযুক্তের পক্ষের আইনজীবীরা আদালতে আরও দাবি করেন, অভিযোগের সঙ্গে একজন পরিচিত অভিনেত্রীর নাম জড়িয়ে থাকায় পুলিশ তাড়াহুড়ো করে পদক্ষেপ করেছে। অন্যদিকে, আরিয়ান নিজেও আদালতে জানান, তিনি কোনও অন্যায় করেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। শুনানিতে ম্যাজিস্ট্রেট বিশেষভাবে উল্লেখ করেন, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে বান্দ্রা আদালতে নিয়ে আসা হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী, অন্য রাজ্য থেকে গ্রেপ্তার করা ব্যক্তিকে সংশ্লিষ্ট প্রক্রিয়া মেনে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ না মেনে অভিযুক্তকে সরাসরি মুম্বইয়ে নিয়ে আসার যথাযথ ব্যাখ্যাও দিতে পারেনি পুলিশ। গ্রেপ্তারির ক্ষেত্রে আইন নির্ধারিত নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক বলেও স্পষ্ট করে দেয় আদালত।
এখানেই শেষ নয়। মামলায় অভিযুক্ত অপরাধগুলির সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড হতে পারে বলেও উল্লেখ করে আদালত। তদন্তের প্রয়োজনে আরও তথ্য সংগ্রহ করতে হবে কিংবা কোনও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করতে হবে—শুধুমাত্র এই যুক্তিতে কাউকে গ্রেপ্তার করা বা হেফাজতে রাখার অনুমতি দেওয়া যায় না। তার জন্য যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা জরুরি। ফলে সোনাক্ষী সিনহার অভিযোগ ঘিরে শুরু হওয়া এই মামলায় আপাতত বড় ধাক্কা খেল মুম্বই পুলিশের তদন্ত। তবে অভিযুক্তকে মুক্তি দেওয়ার অর্থ অভিযোগের সত্যতা বা মিথ্যা সম্পর্কে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পুলিশের গ্রেপ্তারির পদ্ধতি ও আইনি নিয়ম মেনে চলা হয়েছিল কি না, সেই প্রশ্নেই এই নির্দেশ দেওয়া হয়েছে।