দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার হাট-বাজারে দেখা দিয়েছে তীব্র দরপতন। সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সংকটকালীন সময়ে সাধারণত পেঁয়াজের বাজারদর চড়া থাকার কথা থাকলেও এবার চিত্র সম্পূর্ণ উল্টো। পুরনো পেঁয়াজের অতিরিক্ত সরবরাহ এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠার ঠিক আগমুহূর্তে বাজারে দাম পড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষী ও ব্যবসায়ীরা। সংকটকালের জন্য কষ্ট করে মজুদ করা পেঁয়াজ নিয়ে এখন চরম লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
কৃষকদের মতে, এ সময়ে পেঁয়াজের এমন দরপতন একেবারেই নজিরবিহীন। গত বছর যেখানে এই হাটগুলোতে প্রতি মণ পেঁয়াজ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ১,২০০ টাকায়।
গত ৮ নভেম্বর জেলার প্রধান পেঁয়াজ হাট সুজানগর ও ৯ নভেম্বর সদর উপজেলার হাজিরহাট ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে দরপতনের বিষয়ে জানা গেছে।
সাঁথিয়ার বনগ্রাম থেকে চার মণ পেঁয়াজ নিয়ে হাটে এসেছিলেন কৃষক জাকির হোসেন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, চার মণ পেঁয়াজ হাটে এনে ১০৫০ টাকা মণ দরে বিক্রি করলাম। হিসাব করে দেখলাম, এই পেঁয়াজ জমাতে আমার ৮ হাজার টাকা খরচ হয়েছিল। মানুষ এখন নিরুপায় হয়ে বিক্রি করছে, কিন্তু পেঁয়াজের কোনো দামই নেই।
সুজানগরের দুর্গাপুর গ্রামের আইনাল মন্ডল বলেন, পেঁয়াজের দাম এখন ৮০০ থেকে ১১০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এ কারণে কৃষক তার পরিশ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
কৃষকদের অভিযোগ, ভালো দাম পাওয়ার আশায় চড়া সুদে ঋণ নিয়ে এবং নানা কষ্ট সহ্য করে তারা সংকটকালীন সময়ের জন্য পেঁয়াজ মজুদ করেছিলেন। উৎপাদন ব্যয়, প্রায় ছয় মাসের সংরক্ষণ খরচ এবং শুকিয়ে ওজন কমে যাওয়ায় প্রতি মণে খরচ অনেক বেড়ে গেছে। অথচ বিক্রির সময় সেই খরচের এক-তৃতীয়াংশ দামও মিলছে না।
শঙ্কা প্রকাশ করে কৃষক সিদ্দিকুর রহমান বলেন, আর মাত্র এক-দেড় মাস পরেই নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠবে। অথচ এখনও পুরনো পেঁয়াজই ফুরায়নি। যে পরিমাণ পুরনো পেঁয়াজ মজুদ আছে, তা দিয়ে আরও ৩-৪ মাস চলে যাবে। এই অবস্থায় নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে ৭০০-৬০০ টাকায় নামতে পারে। তেমনটি হলে পুঁজি হারিয়ে কৃষক একেবারে ধ্বংস হয়ে যাবে।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, পাবনায় এবার ৫৪ হাজার হেক্টর জমিতে ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার নিজস্ব চাহিদার অতিরিক্ত ছিল ৪ লাখ টন। সেপ্টেম্বরের শুরুতে কৃষকের ঘর ও কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগারে প্রায় ১ লাখ টন পেঁয়াজ মজুদ ছিল।
চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনকে এই পরিস্থিতির জন্য দায়ী করে কৃষি কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে এই সংকট এড়াতে পেঁয়াজ রপ্তানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। কৃষকদের বড় ধরনের লোকসান থেকে বাঁচাতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খোঁজার ওপর জোর দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক।
তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে পেঁয়াজ রপ্তানিমুখী করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন। কৃষকদের বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষায় দ্রুত সময়ের মধ্যে বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার প্রয়োজন।