দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এডিবির হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষাখাতের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক সহায়ক ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে এডিবির পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাখাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবির বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে আগ্রহী এডিবি।
এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।