১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি কর্মসূচি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতি দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। অথচ সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, দেশে একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। অথচ সরকার এসব অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দল-মত-পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় ঐক্যের প্রশ্নে তিনি বলেন, জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে ড. হামিদুর রহমান আযাদ বলেন, কর্মসূচিটি প্রথমে সড়কপথে আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য প্রদানের জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতাসহ সার্বিক বিষয় পর্যালোচনায় দেখা যায়, এতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। জনগণের স্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই আপাতত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। তবে লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য একচুলও পিছপা হবে না।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। জনগণের রায়কে পাশ কাটিয়ে সংস্কার পরিষদ গঠন না করে কেবল সংশোধনের পথে হাঁটলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ধরনের ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। সরকারকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।