সাময়িক বরখাস্ত বিচারকের বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

সাময়িক বরখাস্ত হওয়া বিচারক মো. আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী হোসেন পাইকারি মার্কেটের ১০০টি দোকান ও একটি গার্মেন্টস কারখানা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ব্যবসায়ীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। বিচারকের স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীমের পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এসব ঘটনা ঘটছে বলে তাদের দাবি। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাজী হোসেন পাইকারি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এ সময় সমিতির সহসভাপতি নাসিরউদ্দিন খান, আ. লতিফ মৃধা, আব্দুর রউফ ও দপ্তর সম্পাদক মো. কাউসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ বলেন, মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের মধ্যে আরিফুল ইসলাম তার স্ত্রীর পক্ষে একাধিকবার দোকান দখলের চেষ্টা করেন। ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের কাছে দোকান বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদ করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও যশোরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা করা হয়েছে। এসব মামলার কয়েকটির নিষ্পত্তি তাদের পক্ষে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ৫ জুলাই যশোরের কোতোয়ালি থানায় তাদের একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমানের উপস্থিতিতে শত শত মানুষের অংশগ্রহণে মার্কেটের বিরোধ নিষ্পত্তিতে আপস-মীমাংসার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চ্যানেল ২৪-কে বাদীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি জমিজমা নিয়ে বিরোধের সূত্র ধরে মামলাটি হয়েছে বলে উল্লেখ করেছেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের একাংশ দখলে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। একজন নারী ব্যবসায়ীকে জোর করে মার্কেট থেকে বের করে দেওয়ার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করেন তারা।

সর্বশেষ গত ৯ নভেম্বর নম্বরপ্লেটবিহীন একটি মাইক্রোবাসে করে মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিদকে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। তাকে না পেয়ে তার বাসার কেয়ারটেকারকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা ঘোরানোর পর ছেড়ে দেওয়া হয়।

কাজী আবুল কালাম আজাদ আরও অভিযোগ করেন, আরিফুল ইসলামের স্ত্রীর নামে প্রকাশিত ‘আলোকিত স্বদেশ’ পত্রিকাটি ব্যবহার করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মার্কেটের বিরোধ নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিকদের বিরুদ্ধেও কুৎসা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, এসব ঘটনায় থানা-পুলিশ, জেলা প্রশাসন, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। বিচারকের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।