রামপুরায় ইন্টারনেট সরবরাহকারীর অফিসে দুর্বৃত্তদের গুলি

রাজধানীর রামপুরা ওয়াবদা রোডে ইন্টারনেট সরবরাহকারী অফিসে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আজ রবিবার(১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামে প্রতিষ্ঠানে এই গুলির ঘটনা ঘটে। 

আহতরা হলেন, প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মীসহ আরও কয়েকজন অফিসে বসে তাদের কাজ করছিলেন। হঠাৎ ৪ দুর্বৃত্ত এসে ভিতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। দু এক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাদের গুলিতে হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। এর পরপরই তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

তিনি আরও জানান, গত ২ সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের লোকজন ফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এখন পর্যন্ত তাদেরকে সেই চাঁদার টাকা দেয়া হয়নি। তার জের ধরেই আজ এই ঘটনা ঘটিয়েছে।

আহত সাজু আহমেদ বলেন, তাদের মধ্যে ৩ জন অফিসের ভিতরে ঢুকে আর ১ জন বাইরে দাঁড়িয়ে ছিল। ভিতরে ঢুকেই ওই ৩ জন বলতে থাকে, তোদেরকে এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনও বন্ধ করিস নাই কেনো? এই বলেই এলোপাতাড়ি গুলি ছোড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, হাবিবুরের বাম হাতে আর সাজুর ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তাৎক্ষণিক রামপুরা থানায় অবগত করা হয়েছে।

 


মাজহারুল ইসলাম
01964992495#