সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা

জাতীয় সংসদে সদস্যদের বক্তব্যে শব্দচয়ন ও আচরণ নিয়ে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সদস্যকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন স্পিকার।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সংসদে কৃষকদের ‘মূর্খ’ বলায় এক সংসদ সদস্যের বক্তব্য থেকে শব্দটি এক্সপাঞ্জ করা হয়। একই অধিবেশনে ফোনে কথা বলায় এক সংসদ সদস্যকে তিরস্কার করেন স্পিকার।

কৃষকদের ‘মূর্খ’ বলায় শব্দ এক্সপাঞ্জ

রোববার সংসদে অনলাইনে আবেদন করে খাদ্যগুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনার সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল দেশের অধিকাংশ কৃষককে ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, সাধারণ কৃষকদের পক্ষে অনলাইনে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া কঠিন।

এ বক্তব্যের প্রতিবাদ জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যদের শব্দচয়নের বিষয়ে সতর্ক থাকতে হবে। গ্রামের অনেক কৃষক প্রাতিষ্ঠানিক পড়াশোনা না জানলেও তাঁরা কোনোভাবেই ‘মূর্খ’ নন। তাঁদের দাপ্তরিক কাগজপত্র বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু এ কারণে এমন শব্দ ব্যবহার করা ঠিক নয়।

চিফ হুইপের আপত্তি ও যুক্তি বিবেচনায় নিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি এক্সপাঞ্জ করেন। তিনি বলেন, প্রশ্নের সারমর্ম অত্যন্ত যুক্তিসংগত।

ফোনে কথা বলায় এমপিকে তিরস্কার

অধিবেশন চলাকালে ফোনে কথা বলায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য লুৎফল্লাহেল মাজেদকে তিরস্কার করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের একটি শিষ্টাচার রয়েছে। এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করা হয়েছে। অধিবেশন চলাকালে সদস্যদের সেই শিষ্টাচার মেনে চলতে হবে।

আমির হামজার প্রশ্নে টিপ্পনী, শাহজাহান চৌধুরীর আপত্তি

এদিকে জামায়াতের সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের হইচই ও মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন দলটির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করে তিনি এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান।

মাগরিবের বিরতির আগে প্রশ্নোত্তর পর্বে আমির হামজা তারকাচিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণার পর সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে এবং মাইক ছাড়াই মন্তব্য করতে দেখা যায়। পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রশ্নের উত্তর দেন। আমির হামজা আরও একটি সম্পূরক প্রশ্ন করেন।

মাগরিবের বিরতির পর অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, স্পিকার সংসদের ৩৫০ জন সদস্যের অভিভাবক। সব সদস্যের সম্মান রক্ষার দায়িত্ব তার। একজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে যেভাবে মন্তব্য করা হয়েছে, তা তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।

শাহজাহান চৌধুরী বলেন, সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সম্মান রক্ষায় স্পিকার এত দিন সমান ভূমিকা রেখেছেন। এ বিষয়েও সংসদের অভিভাবক হিসেবে একটি রুলিং দেবেন বলে তিনি প্রত্যাশা করেন।

জবাবে স্পিকার বলেন, বর্তমান সংসদের ওপর জনগণের অনেক আস্থা ও প্রত্যাশা রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদে অনেক জ্ঞানী, গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। সংসদের সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই সাধারণ মানুষ সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।

অতীতের সংসদগুলোর অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, অতীতে সংসদে গালাগালি ও অশ্রাব্য কথাবার্তার ঘটনা ঘটেছে। এমনকি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করেও আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে। এসব পরিস্থিতি পেছনে ফেলে একটি মর্যাদাপূর্ণ সংসদ গড়ে তুলতে চান তাঁরা।

স্পিকার বলেন, সংসদের মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র—সব সদস্যের। অন্য সদস্যের বক্তব্য ধৈর্য ধরে শুনতে হবে। কেউ আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। আবার কোনো বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন হলে সেই সুযোগও দেওয়া হবে।

সংসদ সদস্যদের পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাক্‌স্বাধীনতা নিয়ে সবাই গর্ব করেন। তাই কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ করা উচিত নয়।