দিনের শেষ বল। ব্যাটিংয়ে আরেকটি দিন কাটানোর অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়কে ফিরতে হলো সাজঘরে। ২২৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলে যখন মাঠ ছাড়ছেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান, তখন সতীর্থদের অভিবাদনে সিক্ত হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন এক ইনিংস খেলেছেন, যা মুগ্ধ করেছে প্রতিপক্ষকেও। প্রশংসা ঝরেছে কাগিসো রাবাদার মুখে। যিনি দিনের শুরুতে বল হাতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে কঠিন পরীক্ষায় ফেলেন। সেই রাবাদাই দিনের শেষে হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ।
হৃদয়ের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে রাবাদা উল্লেখ করেছেন কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ের কথা। গতকাল ১২১ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে নিয়ে ২০৬ রানের জুটি গড়েন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুজন যেভাবে ইনিংস এগিয়ে নেন, তাতে মুগ্ধ রাবাদা। দিনের খেলা শেষে এই প্রোটিয়া পেসার বলেন, ‘কেউই এসব আশা করেনি। বেশ ভালোভাবে নিজেদের প্রয়োগ করেছে তারা। এটাই ক্রিকেটের সৌন্দর্য। হৃদয় অনেক ভালো খেলেছে। আমরা অনেক কিছু চেষ্টা করে গেছি তার বিরুদ্ধে, তাও তাকে আউট করতে ঘাম ঝরাতে হয়েছে। তাকে টুপি খোলা অভিনন্দন।’
হৃদয়ের এমন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের পেছনে দক্ষিণ আফ্রিকার মাটিতে সাম্প্রতিক অভিজ্ঞতারও ভূমিকা রয়েছে। কিছুদিন আগেই সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সাড়ে তিন শ রানের কীর্তি গড়ার সেই অভিজ্ঞতা এবার টেস্টেও কাজে লাগিয়েছেন।
সতীর্থ তানজিদ হাসান তামিমের মতে, ওই ইনিংস হৃদয়কে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। বাংলাদেশ দলের মুখপাত্র হয়ে আসা এই ওপেনার বলেন, “এই জিনিস ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লেগেছে ওর ইনিংস। 'এ' দলের হয়ে সাড়ে তিন শ করে অপরাজিত ছিল। ওর জন্য তাই অনেক আত্মবিশ্বাসের বিষয় ছিল। আজও (গতকাল) এটা কাজে লাগিয়েছে।’
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু অবশ্য হৃদয়-লিটনের জুটির অনেক আগে। শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে তানজিদ ও হৃদয়ের ৯৯ রানের জুটি প্রথমবারের মতো দলকে বিপর্যয় থেকে বের করে আনে। পরে আবার ২ উইকেট হারানোর ধাক্কা সামলে লিটনকে নিয়ে ইনিংসের হাল ধরেন হৃদয়। তানজিদ জানান, ম্যাচের আগে নিজেদের মধ্যে ভালো আলোচনা ও পরিকল্পনাও মাঠের পারফরম্যান্সে প্রভাব রেখেছে।
এদিকে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ইনিংসের প্রথম বলে স্ট্রাইক দেওয়ার পেছনেও ছিল তার নিজের ইচ্ছা। সাধারণত প্রথম বলটি খেলেন তানজিদ। তবে অভিষেক টেস্টে রবিন নিজেই স্ট্রাইক নিতে চেয়েছিলেন। তানজিদের দাবি, ‘সে আমাকে বলেছিল, স্ট্রাইক করতে চায়, যেহেতু তার অভিষেক ম্যাচ। সে কারণেই ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।’