তৃণমূল থেকে জলবায়ু কূটনীতির সর্বোচ্চ মঞ্চে

তায়েব মৃধা, ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জন্ম এবং বেড়ে ওঠা এক তরুণ। বর্তমানে পড়াশোনা করছেন বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকে মানুষ এবং প্রকৃতির প্রতি আলাদা কিছু করার টান অনুভব করতেন। সেই অনুভূতি থেকেই স্কুলে পড়ার সময় তার দুই বন্ধু মুহতাসিম ফুয়াদ এবং শরিফুল ইসলামকে নিয়ে শুরু করেন

অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশন নামে একটি পরিবেশবাদী সংগঠনের। জলবায়ু পরিবর্তন, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং কোয়ালিটি এডুকেশন নিয়ে দেশের আটটি জেলায় কাজ করে সংগঠনটি। বর্তমানে তায়েব মৃধা সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৃণমূলের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে সচেতনতা তৈরি, তৃণমূলের তরুণদের দক্ষতা বৃদ্ধি, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ পরিচালনা করছেন তিনি। বিগত আট বছর ধরে তিনি বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রম পরিচালনা করে চলেছেন। তার পাশাপাশি ক্লাইমেট পলিসি নেগোসিয়েশন এবং পলিসি অ্যাডভোকেসি নিয়েও তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কাজ করছেন তিনি। তৃণমূলের মানুষের কথা এবং তাদের জন্য অ্যাডভোকেসি করা তার অন্যতম কাজ।

তায়েব এ বছর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হওয়া বৈশ্বিক জলবায়ুর সবচেয়ে বড় আয়োজন কনফারেন্স অব পার্টিস (ঈঙচ৩১) এ অংশগ্রহণ করছেন, যেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই সম্মেলনে তিনি বাংলাদেশ কীভাবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বিভিন্ন আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পক্ষে আওয়াজ তোলা এবং সেই চিত্র মানুষের সামনে তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য। আগামী ১৮ নভেম্বর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে স্পিকার হিসেবে কথা বলবেন তিনি। তাছাড়া বিভিন্ন ধরনের মিটিং, স্ট্রাইকে অংশগ্রহণে মাধ্যমে বিভিন্ন দাবির কথা তুলে ধরবেন।

এই সম্মেলন থেকে তায়েব কীভাবে গ্লোবাল ক্লাইমেট নেগোসিয়েশন হয় সেই সম্পর্কে দক্ষতা অর্জন করবেন। তাছাড়া বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিও, অর্গানাইজেশনের সঙ্গে নেটওয়ার্কিং ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং নেগোসিয়েশনে অংশগ্রহণ করে তার ক্লাইমেট নেগোশিয়েটর হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। ভবিষ্যতে তায়েব নিজেকে একজন গ্লোবাল ক্লাইমেট নেগোশিয়েটর হিসেবে দেখতে চান, যার মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য দাবি সারা দুনিয়ার সামনে তুলে ধরতে পারবেন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ আদায় করে দিতে পারবেন।

কপ৩১-এ তার অংশগ্রহণ সংক্রান্ত ফান্ড, এক্রিডিটেশন এবং নলেজ সাপোর্টসহ সমগ্র বিষয় প্রদান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা দ্য আইরিশ প্রজেক্ট। দ্য আইরিশ প্রাইজের ২০২৬-এর স্টিম ক্যাটাগরিতে গ্লোবাল রানার আপ হওয়ায় তায়েবকে এই সহায়তা প্রদান করে সংস্থাটি।