১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামি আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, আইন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার সম্মিলিত পদ্ধতিতে জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করেছে নিষ্ঠার সঙ্গে। তবে যুগের সঙ্গে তাল মেলাতে প্রয়োজন আধুনিকীকরণ। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে প্রত্যাশার কথা উদয়কাঠীকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন হোক ইবি
ইসলামি আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, আইন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার সম্মিলিত পদ্ধতিতে জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। সময়ের পালাবদলে নানা অর্জন, সফলতা, বিসর্জন ও ব্যর্থতার মধ্য দিয়ে ৪৭ বছর পূরণ করতে যাচ্ছে ইবি। বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত চিন্তা বিকাশের আঙ্গিনা। শিক্ষার্থী হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেয়েছি ভিন্ন চিন্তা, সংস্কৃতি ও মতাদর্শের মানুষের সঙ্গে মেশার সুযোগ। শিখেছি নেতৃত্ব, দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক বাস্তবতাকে উপলব্ধি করতে এবং প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে। ব্যক্তিগত বিকাশে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে গৌরবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে তার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে অনেকটা বিচ্যুত; ইসলামি মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সম্পৃক্ততা নেই বললেই চলে। গবেষণার জন্য সীমিত বরাদ্দ, আধুনিক প্রযুক্তির স্বল্পতা, দক্ষ গবেষক ও নির্দেশক সংকটের জন্য বিশ্ববিদ্যালয় অনেকটা পিছিয়ে রয়েছে। আবাসন সংকট, সেশনজট, পরিবহন ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত সমস্যাগুলো শিক্ষার্থীদের প্রত্যাশিত শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নামমাত্র সনদনির্ভর শিক্ষা কেন্দ্র না হয়ে, হতে হবে গবেষণা, উদ্ভাবনী ও দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আবাসন ও পরিবহন সংকট নিরসন, উন্নত চিকিৎসা ব্যবস্থা, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই বলছি যে, এর সীমাবদ্ধতাগুলো দূর হোক। ৪৭ বছরের ঐতিহ্য ধারণ করে ইবি হয়ে উঠুক আগামীর এক সম্ভাবনাময় ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়।
মো. মোজাহিদুল ইসলাম
শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
সংস্কার প্রয়োজন নানা ক্ষেত্রে
২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটির ঐতিহ্য, গৌরব এবং ঘাটতি সম্পর্কে জানা আবশ্যক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি থাকলেও সংস্কারমূলক কাজে স্থবিরতা লক্ষ্য করা যায়। ক্যাম্পাসের ভেতরে ময়লা-আবর্জনার সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা জরুরি। এজন্য সচেতনতার পাশাপাশি ক্ষেত্রবিশেষে বাধ্যবাধকতা তৈরি করা প্রয়োজন। ক্যাম্পাসের সীমানা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়ার আওতায় আনতে হবে। পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতি কার্যকর করতে হবে এবং নকল এড়াতে নজরদারি জোরদার করতে হবে। ক্লাসরুমে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষাগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্ভাবনাময়। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে প্রয়োজন
যথাযথ বিনিয়োগ ও পরিকল্পনা। শিক্ষার্থী নিরাপত্তা রক্ষায় প্রশাসনের তৎপরতা বাড়ানো জরুরি। সর্বোপরি, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী যেন শুধু উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ না হয়, বরং সবার কাছে তা যেন হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের অঙ্গীকার।
মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, চতুর্থ বর্ষ, বাংলা বিভাগ
গৌরব ও প্রত্যাশার নতুন দিগন্তে ইবি
স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামই নয়, বরং উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও
সংস্কৃতির এক অনন্য বাতিঘর। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৭ বছরের এই পথচলায় বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর সমৃদ্ধ ইতিহাস, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ এবং অসংখ্য মেধাবী শিক্ষার্থীর পদচারণা আমাকে গর্বিত করে। একজন শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পেরে আমি গর্বিত। এখান থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আমার প্রাপ্তিকে সমৃদ্ধ করেছে। তবে মুদ্রার ওপিঠের মতো কিছু সীমাবদ্ধতা রয়েছে এর। আবাসন সংকট, পরিবহন সমস্যা, শিক্ষার্থীদের নিরাপত্তার অভাব, গবেষণাবান্ধব পরিবেশের অভাব, সেশনজট এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা শিক্ষার্থীদের প্রত্যাশিত শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করে। আমি প্রত্যাশা করি, ইসলামী বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকৃষ্টতা, গবেষণার সুযোগ, আধুনিক অবকাঠামো, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের প্রাপ্তির জায়গাগুলো আরও সমৃদ্ধ হোক আর ঘাটতিগুলো দূর করে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক গৌরবের নতুন উচ্চতায়।
কানিজ ফাতেমা
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
১৭৫ একরের বুকে চাই নান্দনিকতা
ইসলামী বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়; বরং এটি আমাদের আবেগ, স্মৃতি, স্বপ্ন ও সম্ভাবনার এক অনন্য প্রাঙ্গণ। কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গা নামক স্থানে অবস্থিত ১৭৫ একরের বিস্তৃত ক্যাম্পাস প্রকৃতির স্নিগ্ধতা ও শিক্ষার পরিবেশে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমার প্রত্যাশা, শিক্ষার উৎকর্ষের পাশাপাশি ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্যও বিকশিত হোক। এই বিস্তৃত প্রাঙ্গণের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজন সুপরিকল্পিত সবুজায়ন, ঋতুভিত্তিক ফুলের বাগান, পরিচ্ছন্ন জলাশয়, দৃষ্টিনন্দন সড়ক ও পর্যাপ্ত আলোকসজ্জা। একাডেমিক ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পরিচ্ছন্নতা এবং নান্দনিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে শিল্পসম্মতভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে সৌন্দর্য কেবল অবকাঠামোর শোভায় সীমাবদ্ধ নয়; এর প্রকৃত প্রতিফলন ঘটে মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণে। তাই প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। ১৭৫ একরের প্রতিটি প্রান্ত হয়ে উঠুক পরিচ্ছন্নতা, সবুজ ও নান্দনিকতার প্রতিচ্ছবি। জ্ঞানচর্চার উৎকর্ষ, ঐতিহ্যের মর্যাদা ও প্রকৃতির সৌন্দর্যে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক দেশের অন্যতম আদর্শ শিক্ষাঙ্গন।
মোমিন রাহমান
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
আধুনিক সুযোগ-সুবিধা এখনো অপ্রতুল
স্বাধীনতার পর প্রতিষ্ঠিত দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একজন শিক্ষার্থী হিসেবে আমার গৌরব ও আনন্দ অপরিসীম। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ দীর্ঘ চার দশক ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে অনন্য ভূমিকা রেখে চলেছে। আমাদের সবুজ ও শান্তিময় ক্যাম্পাস জ্ঞানার্জনের এক চমৎকার অভয়ারণ্য, যেখানে বিভাগের সম্মানিত শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, অনুকূল একাডেমিক পরিবেশ, পারস্পরিক সম্প্রীতি সব মিলিয়ে এক বিশাল সম্ভাবনার দ্বার খোলা রয়েছে শিক্ষার্থীদের জন্য। তবে সুদীর্ঘ এই পথচলায় গৌরবের পাশাপাশি কিছু ক্ষেত্রে আমাদের প্রাপ্তি এখনো অপূর্ণ রয়ে গেছে। সেশনজটের ধকল, আধুনিক গবেষণাগারের সীমাবদ্ধতা, আবাসন সংকট, সুগঠিত লাইব্রেরির অভাব এবং অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যে বিশ্বমানের অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা থাকা উচিত ছিল, যুগের তুলনায় তা এখনো অল্প। তাই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার প্রত্যাশাÑ অবকাঠামোগত সংকট দূর করে আবাসন ও পরিবহনের আধুনিকায়ন করা হোক, সেশনজট সম্পূর্ণ নিরসনে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক এবং গবেষণার বিষয়টিকে আরও জোড়ালোভাবে গুরুত্ব দেওয়ার হোক। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হোক। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী এই ক্যাম্পাস একদিন আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার শীর্ষে পৌঁছে যাবেÑ একজন গর্বিত শিক্ষার্থী হিসেবে এটাই আমার দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা।
জিন্নাত আলভী
শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, গণিত বিভাগ