গ্যালারিজুড়ে ভক্তদের হাতে ছিল ‘ধন্যবাদ অধিনায়ক’ লেখা বিশাল সব ব্যানার। ফুটবলাররা মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরচেনা নাম ও ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়ে। ব্রাগার মাঠে ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচের ঘড়ি সপ্তম মিনিটে পৌঁছাতেই স্টেডিয়াম ফেটে পড়েছিল করতালিতে। ফিফার নিয়মের বেড়াজালে ৭ নম্বর জার্সিটি পুরোপুরি অবসরে পাঠানো না গেলেও, কিংবদন্তির সম্মানে এই জার্সির নকশায় বিশেষ পরিবর্তন এনেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। কিন্তু মাঠের বাইরের এই আবেগঘন ও শ্রদ্ধার আবহ খেলার মাঠে টিকল মোটে কিছুক্ষণ। ডেনমার্কের ঝড়ে রোনালদো-পরবর্তী যুগের প্রথম ম্যাচেই ঘরের মাঠে ইতিহাসের অন্যতম বড় হারের সাক্ষী হলো পর্তুগাল। উয়েফা নেশনস লিগের এই ম্যাচে ৪-১ ব্যবধানে হেরেছে তারা। ১৯৯৩ সালের পর প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে পর্তুগিজদের এমন বহু গোলের ব্যবধানে হারের নজির আর নেই।
ম্যাচের শুরু থেকেই দাপট ধরে রাখা ডেনমার্ক প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে কাক্সিক্ষত গোলের দেখা পায়। ৪৩তম মিনিটে ডি বক্সের ভেতর রুবেন দিয়াজের হাতে বল লাগলে পেনাল্টি পায় অতিথিরা। সেখান থেকে নিখুঁত স্পটকিকে দলকে লিড এনে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হয়বিয়ের্গ।
পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া পর্তুগাল দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও বড় বিপদের মুখে পড়ে। নাপোলি স্ট্রাইকার রাসমুস হয়লুন্দের দুর্দান্ত পারফরম্যান্স তছনছ করে দেয় পর্তুগিজদের রক্ষণভাগ। ৫০তম মিনিটে দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন হয়লুন্দ। এর ঠিক সাত মিনিট পর ডিফেন্ডার দিয়াজকে পুরোপুরি পরাস্ত করে জোরালো শটে গোলরক্ষক দিয়োগো কস্তাকে বোকা বানান এই তরুণ ফরোয়ার্ড। স্কোরলাইন ৩-০ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাগার গ্যালারি থেকে নিজ দলের বিপক্ষেই শুরু হয় তীব্র দুয়োধ্বনি।
ম্যাচের ৭৫তম মিনিটে ইয়োয়াকিম আন্দারসেন হেডে ডেনমার্কের পক্ষে চতুর্থ গোলটি করলে গ্যালারির ধৈর্যচ্যুতি ঘটে। হতাশ দর্শকরা সমস্বরে রোনালদোর নামে সেøাগান দিতে শুরু করেন এবং পরাজয় নিশ্চিত জেনেই অনেকে স্টেডিয়াম ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেন। এরপর ম্যাচের যোগ করা সময়ে বদলি হিসেবে নামা বার্নার্দো সিলভা একটি গোল পরিশোধ করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
ম্যাচ শেষে দলের এমন নড়বড়ে পারফরম্যান্স এবং রোনালদোর অনুপস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় পর্তুগাল কোচ জর্জ জেসুসকে। সেখানে রোনালদোকে দল মিস করছে কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বেশ কড়া সুরে পর্তুগিজ কোচ বলেন, ‘মিস করার কী আছে? তিনি যদি আর জাতীয় দলের জন্য অ্যাভেইলেবল না থাকেন, তবে আমরা ঠিক কী মিস করছি?’
এদিকে এমন তিক্ত ও লজ্জাজনক হার থেকে দ্রুত শিক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন দলের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘ভুলে যাওয়ার মতো কোনো রাত এটি নয়; বরং এটি শেখার এবং আমরা যে ভুলগুলো করেছি তা দেখার রাত।’
বড় ব্যবধানে এই হারের পরও পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থানে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। অন্যদিকে, ডেনমার্ক ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আগামী মঙ্গলবার কার্ডিফে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে জর্জ জেসুরের দল।