চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রী হত্যার অভিযোগ

রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের লোকজনের বিরুদ্ধে। এ সময় ওই যাত্রীদের সঙ্গে থাকা আরও একজনকে জিম্মি করে নির্যাতন করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগাতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে। 

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। তারা কুমিল্লার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি ফেরার পথে তারা এ নৃশংসতার শিকার হন।

আহত যাত্রীর নাম আতিক ইসলাম (৩০)। তিনিও একই গ্রামের বাসিন্দা। তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তার চাচা আতিক ইসলামের কাছে ৩ লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে বাসের লোকজন তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেয়। পরে চিকলী এলাকায় একটি মাইক্রোবাসের যাত্রী ও স্থানীয় লোকজন বাসটির পথরোধ করে আটক করেন।

আহত আতিক ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা ছিল। বাসের অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও আমাকে নামতে দেওয়া হয়নি। বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরে। এ সময় মুকুল ও শাকিব এগিয়ে এলে চলন্ত বাস থেকেই তাদের লাথি মেরে ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার শুরু করি। একটি মাইক্রোবাসের লোকজন ঘটনাটি দেখে চিকলী এলাকায় বাসটির পথরোধ করেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটক করেন। তা না হলে আমাকেও মেরে ফেলে দিত।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তাদের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’ এ ঘটনায় বাসের হেলপার ও চালককে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। সায়মন পরিবহনের বাসটি আটক করা হয়েছে। বাসের হেলপার শফিক বুজুর (২৮) এবং চালক আজির হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরসহ আসামিদের আদালতে পাঠানো হবে।