জাতীয় গ্রিডে পরীক্ষামূলক যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে চলতি সপ্তাহে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পেলে এ ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ শুরু করতে আরও বেশ কয়েক মাস সময় লাগতে পারে।

বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে।

উল্লেখ্য, রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।