দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মো. মামুন (১৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দির গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের মো. মাসুদ রানার ছেলে। তিনি মোটরসাইকেলে করে গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে পাঠান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, মোটরসাইকেলটি গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছবি:- দাউদকান্দিতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত মারুফ হোসেন।