তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের আজকের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর শ্রম ভবনে বোর্ডের সভা হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।
মজুরি প্রস্তাব সম্পর্কে শ্রমিকপক্ষের বক্তব্য, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, বোর্ডের চেয়ারম্যানসহ ছয় সদস্য নারায়ণগঞ্জের তিনটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এর মধ্যে একটি ছোট, একটি মাঝারি এবং একটি বড় কারখানা ছিল। রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা কারখানাগুলো পরিদর্শন করেন।
বাবুল আখতার বলেন, পরিদর্শনের সময় বোর্ডের চেয়ারম্যান তাকে জানান, নির্ধারিত সভাটি স্থগিত করতে চান তিনি।
বাবুল আখতারের ভাষ্য, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে বলেছেন, কিছু কারণে বোর্ডপ্রধান হিসেবে সভা স্থগিত করার এখতিয়ার তার রয়েছে। তবে নির্ধারিত সভা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি।
বাবুল আখতার বলেন, সম্ভবত মালিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের স্বতন্ত্র প্রতিনিধি আজকের সভায় জমা দেওয়ার জন্য তাদের প্রস্তাব তৈরি করতে পারেননি।
বাবুল আখতার বলেন, আমি শিগগিরই বোর্ডের চেয়ারম্যানের কাছে সভার নতুন তারিখ নির্ধারণের অনুরোধ জানাব।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।