নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে এক থানার নাম পরিবর্তন এবং দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে প্রেস উইং।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নির্ধারণ করা হয়েছে। আগে প্রস্তাবিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।