নাটোরে দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরতলি দত্তপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন জানান, রাত সাড়ে ১০টার পর একটি সাদা মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল বাজারের দিকে আসে। গাড়িটি বাজারের মধ্যে থামিয়ে কয়েকজনকে নামিয়ে দিয়ে ব্রিজের দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নেমেই তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলোপাতাড়িভাবে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ব্রিজের দিকে চলে যায়। পরে ব্রিজের ওপর রাখা মাইক্রোবাসে উঠে তারা বনপাড়া-ঢাকা মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ সময় আনুমানিক ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম (প্রশাসন ও অর্থ) জানান, মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে দত্তপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে।