ভিনিসিয়ুসের এক্সের সঙ্গে মনো*রঞ্জনে নেইমার!

জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রেমের গুঞ্জন ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। অন্তঃসত্ত্বা স্ত্রী ব্রুনা বিয়ানকার্দিকে প্রতারণা করে ভার্জিনিয়ার সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছেন—ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

বিতর্কের সূত্রপাত হয় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘মেট্রোপোলস’-এ সাংবাদিক ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদন প্রকাশের পর। সেখানে দাবি করা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগের রাতে একটি পোকার ক্লাবের ব্যক্তিগত পার্টিতে উপস্থিত ছিলেন নেইমার ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। যেখানে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি ছিল, সেই আসরে উপস্থিত অতিথিদের সামনেই দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এবং সোফায় বসে থাকা নেইমারের পাশে (বা কোলে) ভার্জিনিয়াকে নাচতে ও চুম্বন করতে দেখা গেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রথমেই বিবৃতি দিয়ে তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেন নেইমারের প্রতিনিধি ও ভার্জিনিয়ার প্রেস অফিস। কেবল অনুমানের ওপর ভিত্তি করে ব্যক্তিগত জীবন নিয়ে এমন বানোয়াট গল্প সাজানোর তীব্র সমালোচনা করে ভার্জিনিয়ার দল।

এর কয়েক ঘণ্টা পর বিষয়টির ইতি টানতে নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে হাজির হন ৩৪ বছর বয়সী নেইমার। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি সাধারণত স্টোরিতে এসে এসব বিষয়ে কথা বলি না, কিন্তু এবার ওরা সীমা ছাড়িয়ে গেছে। আমার সঙ্গে অন্য কারও সম্পর্ক নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, আমি তা পুরোপুরি অস্বীকার করছি! এটা খুবই দুঃখজনক যে আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষ বাস্তবতার চেয়ে বড় নামের পেছনের উত্তেজনা বা গুজব নিয়েই বেশি মেতে থাকে।’

ভক্তদের উদ্দেশে নেইমার আরও যোগ করেন, ‘আমার দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে, তবুও বিষয়টি শেষ করতে আমাকে নিজেই সামনে আসতে হলো! সবাইকে শুভেচ্ছা, এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

 

উল্লেখ্য, নেইমার বর্তমানে মডেল ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সংসার করছেন এবং এই দম্পতি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, ইনস্টাগ্রামে ৫ কোটির বেশি অনুসারী থাকা ভার্জিনিয়া ফনসেকা ২০২৫ সালের অক্টোবর থেকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কে ছিলেন। মাঝে একবার বিচ্ছেদের পর জোড়া লাগলেও গত মাসে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ভিনিসিয়ুসের লাল কার্ড দেখার ঘটনার পরপরই পারস্পরিক সমঝোতায় তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।