দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলের একটি জনবসতিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে প্রিটোরিয়ার আতেরিজভিল এলাকার জেফসভিল নামের একটি অনানুষ্ঠানিক বসতির ঝুপড়িঘরে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

হামলার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।

এদিকে, একই রাতে দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গ শহরের বাইরে একটি গাড়ির ভেতর থেকে আরও আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়ও তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যাকাণ্ডের শিকার হন।