ইজিবাইক চালানো সাবেক ছাত্রদল নেতাকে জেলা পরিষদ প্রশাসকের সহায়তা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পরিবারের সহায়তায় ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। একসময় ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে জীবিকার তাগিদে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল প্রমুখ।

জানা গেছে, রেজওয়ান ইসলাম মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে ইজিবাইক চালিয়ে সাবেক ছাত্রদল নেতা মুকুলের সংসার চালানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুকুল। ইউনিয়ন পর্যায়ের রাজনীতি থেকে উঠে এসে দায়িত্ব পালন করেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে। তবে সময়ের ব্যবধানে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হয়েও জীবিকার প্রয়োজনে তাকে ইজিবাইক চালানোর পেশা বেছে নিতে হয়েছে। বর্তমানে প্রতিদিন ইজিবাইক চালিয়ে পরিবারের খরচ জোগাচ্ছেন তিনি। মুকুল কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।

আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে রেজওয়ান ইসলাম মুকুল বলেন, একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পরিবারের ভরণপোষণের জন্য ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। জেলা পরিষদের এ সহায়তা তার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল একসময় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে ইজিবাইক চালিয়ে সংসার চালানোর বিষয়টি জানার পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।