৩৩ বছর পর জমির দখল বুঝে পেল জেলা পরিষদ

কুমিল্লা নগরীর ব্যস্ততম স্টেশন রোডে ৩৩ বছর ধরে বেদখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করা হয়েছে। উচ্চ আদালতের রায়ের পর সোমবার (১৬ নভেম্বর) উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে জেলা পরিষদ।

সোমবার সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমির ওপর অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করা হয়। পরে সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণ করে জমির দখল নেয় জেলা পরিষদ।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম দীর্ঘ ৩৩ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই জমি দখলে রেখেছিলেন। ৩০ শতক জমির ওপর প্রায় ২৩টি দোকান নির্মাণ করে সেগুলো বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়েছিলেন তিনি। এসব দোকান থেকে নিয়মিত ভাড়াও আদায় করতেন জিয়াউল ইসলাম। জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে জেলা পরিষদের আইনি বিরোধ চলছিল।

সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ।

এদিকে দোকান উচ্ছেদের ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। কিন্তু উচ্ছেদ অভিযানের কারণে এখন তাঁদের ব্যবসা বন্ধ হয়ে গেছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান লিজ দেওয়া হবে।