ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার, বাড়ি থেকে উদ্ধার অস্ত্র-গুলি

চট্টগ্রামের রাউজানে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ১৫ নভেম্বর দিবাগত রাতে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, জমি নিয়ে বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ভুক্তভোগী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে সাব্বিরের বিরোধ সৃষ্টি হয়।

এ ছাড়া বিগত সরকারের আমলে সাব্বিরের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে প্রচারণা চালিয়ে আসছিলেন মানিক। ঘটনার দিন এ বিষয় নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালান।

এর আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের ভেতরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভুক্তভোগী মো. সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন সাব্বির হাসান। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এদিকে গ্রেপ্তারের পর গতকাল রবিবার দিবাগত মধ্যরাতে নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া এলাকায় সাব্বিরের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের সানসেটের ওপর থেকে আরও একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা এবং দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা টিপ চাকুগুলোর একটির সাহায্যেই ভুক্তভোগী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।